বিচারকদের ঈদকার্ড পাঠানো 'অনৈতিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিচারকদের কাছে ঈদকার্ড ও সেমাই পাঠানোর ঘটনা ‘অনৈতিক’ বলে মনে করেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার বিকেলে আইনজীবী সমিতির এক সভায় ওই মতামত ব্যক্ত করা হয়। ভবিষ্যতে কেউ যেন বিচারকের কাছে উপহার না পাঠায় সে জন্য সবাইকে অনুরোধ করেছেন তাঁরা।

চট্টগ্রাম আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি চন্দন দাশ। আইনজীবী সমিতির নির্বাহী কমিটির ১৮ জনের মধ্যে ১৩ জন বৈঠকে উপস্থিত ছিলেন।

গত রোববার চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ৭০ বিচারকের কাছে ঈদকার্ড ও সেমাই উপহার হিসেবে পাঠান। এই ঘটনায় আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেন। এরপর সমিতি গতকাল বৈঠকের আলোচ্যসূচিতে উপহারের বিষয়টি অন্তর্ভুক্ত করেন। গতকাল আলোচ্যসূচিতে চারটি বিষয় ছিল। উপহারের বিষয়টি ছিল আলোচ্যসূচির দুই নম্বরে।  

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে আমরা এ ঘটনাকে অনৈতিক বলে মন্তব্য করেছি। কারণ, যাঁরা উপহার নিয়েছেন এবং দিয়েছেন—দুটোই অনৈতিক। এতে বিচার বিভাগের ওপর নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তাই আমরা উপহার দেওয়া-নেওয়া সমর্থন করতে পারি না।’ কামাল উদ্দিন আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখেছি, বেশির ভাগ বিচারক উপহার গ্রহণ করেননি। এমনকি উপহার যে পাঠানো হয়েছে, তা অনেক বিচারক জানতেনই না বলে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। হয় তো পেশকার ও কর্মচারীরা বিচারকদের না জানিয়ে ওই উপহার নিয়ে গেছেন।’

আইনজীবী সমিতির সদস্য রুবেল পাল প্রথম আলোকে বলেন, ‘উপহার দেওয়া-নেওয়া ছাড়াও আদালত অঙ্গনে দুর্নীতি ও অনিয়ম কমছে না। এটা আইনজীবী হিসেবে আমাদের জন্য পীড়াদায়ক। দুর্নীতি ও অনিয়ম দূর করতে আমরা সাধারণ সভা ডেকে আইনজীবীদের মতামত চাইব।’