বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘বিচারকদের জবাবদিহির ব্যবস্থা জাতীয় সংসদের কাছে থাকা উচিত বলে আমি মনে করি।’ তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য যত প্রতিষ্ঠান দেশের আছে, তারা একটাও স্বাধীনভাবে এই সরকারের সময়ে কাজ করতে পারছে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে ‘মানবাধিকার ও মাহমুদুর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ আহমদ বলেন, ‘সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষা করে নাই বলে মাহমুদুর রহমানকে সাজা দেওয়া হয়েছে। আমি বলব, এই সাজাটা তো এক দিনের জন্য হতে পারত, এক সপ্তাহের জন্য হতে পারত। ছয় মাস বোধ হয় না দিলেও পারতেন।’ তিনি প্রশ্ন রাখেন, ছয় মাস সাজা দেওয়ার কারণে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি কি বেড়েছে? মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের ভূমিকা পালন করার ক্ষেত্রে বিরোধী দল ব্যর্থ হয়েছে। আমি বলব, যদি সত্যি তা-ই হয়, তাহলে ঢাকা সিটির নির্বাচনটা দিয়ে দেন আগামী ১৫ দিনের মধ্যে, দেখা যাক কারা ব্যর্থ হয়েছে।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাবের সভাপতি আ ন হ আখতার হোসেন। বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া, চাষী নজরুল ইসলাম, সাংবাদিক আবদুল হাই শিকদার প্রমুখ।