বিচারকদের প্রশিক্ষণে একাডেমি প্রতিষ্ঠার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি: সৌরভ দাশ

বিচারকদের প্রশিক্ষণে একটি একাডেমি প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রত্যেক দেশে ন্যাশনাল জুডিশিয়ারি একাডেমি আছে। উচ্চ আদালতে ৮০ ভাগ বিচারপতি আইনজীবীদের মধ্য থেকে নেওয়া হয়। অভিজ্ঞতা না থাকায় রায় লেখাসহ কিছু বিষয়ে গ্যাপ (অপূর্ণতা) থাকে।

চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ইনকাম ট্যাক্স, সাইবার আইনসহ নতুন নতুন আইন হচ্ছে। তাই বিচারকদের মেধাকে পরিপূর্ণ করতে প্রশিক্ষণের দরকার রয়েছে। পুলিশ, সেনাবাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। জুডিশিয়ারি ট্রেনিং ইনস্টিটিউট কবুতরের ঘরের মতো। এর আধুনিকায়নের জন্য অনুষ্ঠানে উপস্থিত আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, চট্টগ্রাম আদালতে ন্যক্কারজনক যে ঘটনা ঘটেছে তা তিনি বিশ্বাস করতে পারছেন না। এ ঘটনায় তাঁর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের চুল পরিমাণ বিচ্যুতি হলে কে হাল ধরবে? আপনারা আইনের কারিগর। আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের দ্বন্দ্ব থাকা উচিত নয়।’ আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দেশে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন না মন্তব্য করে তিনি বলেন, উন্নয়নের সঙ্গে জড়িত আইনের শাসন। আইনজীবীদের সহযোগিতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

গতকাল বুধবার বিকেলে মানব পাচারের একটি মামলায় এক আইনজীবী ও তাঁর স্ত্রীর জামিন নামঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে এজলাস ভাঙচুর করা হয়। তছনছ করা হয় মামলার নথি। ভাঙচুর করা হয় বিচারকের খাস কামরার বাইরের জানালার কাচ। এ ঘটনায় আইনজীবীদের একাংশ জড়িত।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে আইনমন্ত্রীকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, সারা দেশে জেলা ও দায়রা জজদের জন্য বাংলো তৈরি না করে সব বিচারকের এক জায়গার থাকার ব্যবস্থা করতে হবে। যাতে কয়েকটি গাড়ি দিয়ে সব বিচারক একসঙ্গে যথাসময়ে আদালতে পৌঁছাতে পারেন। বিচারকদের জন্য একটি করে কম্পিউটার ও প্রিন্টার মেশিন দেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, বিচারকদের হাতে লিখতে হচ্ছে। এতে অনেক সময় লাগছে। মামলাজট নিরসন করতে বিচারব্যবস্থাকেও ডিজিটালাইজড করতে হবে।

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালুর বিষয়ে প্রধান বিচারপতি বলেন, এই দাবির গ্রহণযোগ্যতা আছে। প্রধানমন্ত্রীও চাচ্ছেন। তবে অনেকগুলো সমস্যা আছে। এ সময় হেসে প্রধান বিচারপতি বলেন, ঢাকা-চট্টগ্রামে উন্নত রেল চালু হচ্ছে। সকালে গিয়ে বিকেলে ঢাকা থেকে আসতে পারবে লোকজন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে সম্পর্ক রয়েছে। এই সরকার প্রমাণ করেছে অপরাধ করে পার পাওয়া যায় না। নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, রায় হওয়ার আগে অনেকেই শঙ্কিত ও উদ্বিগ্ন ছিল। তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘আমিও একজন আইনজীবী। বেঞ্চের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। এতে শুধু বেঞ্চের না বারের ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।’

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান। অনুষ্ঠানে আইনজীবী, বিচারকসহ, র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।