বিচারকদের ভীতির মধ্যে রাখার চেষ্টা: খন্দকার মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়ার প্রস্তাব সম্পূর্ণভাবে বিচার বিভাগকে দলীয়করণ করার একটি অশুভ চেষ্টা বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ‘বিচার বিভাগে যাঁরা বিচারক রয়েছেন, তাঁদের একটা ভীতির মধ্যে রাখার জন্য এই দলীয় প্রচেষ্টা চালানো হচ্ছে বলে আমরা মনে করি।’ গতকাল বুধবার দুপুরে সমিতির সভাপতির কক্ষে এক ব্রিফিংয়ে খন্দকার মাহবুব হোসেন এ মন্তব্য করেন।
সংবিধানের প্রস্তাবিত ওই সংশোধনীর বিষয় নিয়ে সমিতির পক্ষ থেকে এর আগে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হয়। সভাপতির কক্ষে প্রায় এক ঘণ্টা আলোচনা চলে। আলোচনার পর বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ব্রিফিংয়ে ওই কথা বলেন। আলোচনায় অন্যান্যের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, এ বি এম নুরুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সমিতির বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন অংশ নেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে দেশে আইনের শাসন রক্ষার জন্য আমরা আন্দোলন করতে যাচ্ছি।’ তিনি বলেন, আইনজীবীরা আন্দোলন করবেন। এ নিয়ে আগামী সোমবার আবার বসবেন আইনজীবীরা।

সংশোধনী

‘বিচারকদের ভীতির মধ্যে রাখার চেষ্টা: খন্দকার মাহবুব’ শীর্ষক প্রতিবেদনে ছাপা ও অনলাইন সংস্করণে একটি অংশে ভুল করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে ‘দৈনিক বর্তমান সম্পাদক’ বলা হয়েছে। বিষয়টি নজরে আসার পর অনলাইনে তা সংশোধন করা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।—বার্তা সম্পাদক