বিচারকদের শৃঙ্খলা বিধিমালা চূড়ান্ত হবে আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা আগামী সপ্তাহ নাগাদ চূড়ান্ত হবে বলে আশা করছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে গতকাল রোববার বিকেলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর ওই সাক্ষাৎ হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে এ ব্যাপারে (শৃঙ্খলা বিধিমালা) আলোচনা হয়েছে ও আলোচনা চলছে। রুল বাই রুল আলোচনা করছি। সবগুলোর আলোচনা এখনো শেষ হয়নি। আগামী বৃহস্পতিবার তিনটার সময় আবার প্রধান বিচারপতির সঙ্গে বসব। আশা করি, আগামী সপ্তাহে বিধিমালা চূড়ান্ত হওয়ার পর রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে এ-সংক্রান্ত গেজেট জারি করা হবে।’

মন্ত্রণালয় যে খসড়া দিয়েছিল সেটি নাকি সুপ্রিম কোর্ট যে খসড়া করে দিয়েছিলেন সেটি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সব ধরনের আলাপ-আলোচনা করছি, মহামান্য রাষ্ট্রপতির কাছে যেটা গ্রহণযোগ্য হবে সেটিই হবে।’

এর আগে ওই বিষয়ে কয়েক দফা সময় নেওয়ার পর ২ জুলাই রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ দুই সপ্তাহ সময় দেন। এর ধারাবাহিকতায় গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় আদেশের জন্য বিষয়টি ১ নম্বর ক্রমিকে ছিল। গতকাল আদালত বলেন, ‘নট টুডে’ (আজ নয়)। তখন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আদালতে দেখা যায়নি। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিষয়টি আজ সোমবারের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে আদেশের জন্য রয়েছে।