বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট না হওয়ায় আদালতের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনার আলোকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে জারি না করায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, দেশের একটি বিভাগ এভাবে জিম্মি হয়ে থাকতে পারে না। তথ্য আছে, কিছু বিচারক শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন। কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
বিচার বিভাগ পৃথক্করণ-সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক শুনানিতে গতকাল সোমবার আদালত এমন কথা বলেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন নয় বিচারপতির আপিল বিভাগে এই শুনানি হয়। ওই বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রকাশ করে তা আদালতে দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শেষবারের মতো সময় দেওয়া হচ্ছে জানিয়ে আদালত বলেছেন, আবেদনটি (সময় চেয়ে আবেদন) অস্পষ্ট।
গত ২৮ আগস্ট মাসদার হোসেন মামলার রায়ের আলোকে সুপ্রিম কোর্টের কমিটির সুপারিশ অনুসারে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা ৬ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে বলে এদিন আদেশের জন্য রাখেন। গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আট সপ্তাহ সময়ে চেয়ে আবেদন দাখিল করে শুনানিতে অংশ নেন।
আদালত বলেন, আবেদনে রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা বলা হয়েছে। তবে কবে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, সে দিনক্ষণ এখানে উল্লেখ নেই। আদালত বলেন, ‘আপনি (আইন মন্ত্রণালয়) একটি খসড়া পাঠিয়েছিলেন। আমরা তা সংশোধন করে দিয়েছি। আপিল বিভাগের সর্বশেষ নির্দেশনার পর আড়াই মাস চলে গেছে। বিধিমালা গেজেট আকারে জারির কথা বলেছিলাম। এখনো গেজেট করতে পারেননি।’ আদালত বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, কিছু বিচারক শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন। কোনো পদক্ষেপ নিতে পারছি না।’
একপর্যায়ে আদালত ওই বিধিমালা কবে ও কখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে, তা সাড়ে ১১টার (সোমবার) মধ্যে অবহিত করতে বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, উনি (আইনমন্ত্রী) দেশের বাইরে। তিনি না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য জানা যাবে না। আদালত বলেন, ‘দেশের একটি বিভাগ জিম্মি হয়ে থাকতে পারে না। খসড়া বিধিমালা “লাল কালি” দিয়ে মার্ক করে দিয়েছি। এরপরও গেজেট প্রকাশ করতে পারেননি।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মাসদার হোসেন মামলায় আগেও অনেকবার আদালতে দাঁড়িয়েছি। এটা অনেকটা আসামির মতো।’ আদালত বলেন, একটি শব্দের জন্য বছরের পর বছর কেটে গেল। ১৪ বছর পেরিয়ে গেলেও মাসদার হোসেনের (মামলার রায়) আসলটি এখনো বাস্তবায়িত হয়নি। তখন অ্যাটর্নি জেনারেল বলেন, হবে, এটিও হবে।
শুনানির একপর্যায়ে আদালত বলেন, একজন বিচারককে হাতেনাতে ধরে ফেললে তখন মন্ত্রণালয় বলে ব্যবস্থা নেওয়ার জন্য সেটা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবে। এভাবে কি চলবে? কত দিন অপেক্ষা করতে হবে? অ্যাটর্নি জেনারেল বলেন, আট সপ্তাহ সময় দিন। আদালত বলেন, বিচার বিভাগ পৃথক্করণ বিষয়ে চারটি পৃথক গেজেট প্রকাশিত হয়। অবকাঠামোর অভাবে ১৭০ জন বিচারক এজলাসে বসতে পারছেন না। তাঁদের আদালতকক্ষÿনেই।
আদালত বলেন, ‘রাষ্ট্রপতির দোহাই দিয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। বিধিমালা করে দিয়েছি। মাসদার হোসেন মামলায় দেওয়া গাইডলাইনের একটুও বাইরে যাইনি।’ শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর বিচার বিভাগ পৃথক্করণ-সংক্রান্ত মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেন আদালত। এ রায়ের আলোকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের বিষয়টি ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট ওই বিধিমালা সংশোধন করে দেন।