অধস্তন আদালতের বিচারকদের জন্য আপিল বিভাগের পরামর্শ অনুযায়ী অবিলম্বে শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের জোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। প্রধান বিচারপতি সম্পর্কে সম্প্রতি আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা ও মাসদার হোসেন মামলার রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন থেকে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সরকারের মন্ত্রীদের শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, ‘আইনমন্ত্রী বলেছেন খসড়া (অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি) তৈরি করে তিনি প্রধান বিচারপতিকে দিয়েছেন, তাঁরা (সুপ্রিম কোর্ট) সংশোধন করে সেটি দিয়েছিলেন, সেখানে দেখা গেছে ১১৬ অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেটি তাঁরা নিয়ে নিতে চান। আমি কী করে সেটি দিই।’ জয়নুল আবেদীন বলেন, ‘এটি আইনমন্ত্রীর নিজের হাতে রাখার ও দিয়ে দেওয়ার বিষয় নয়। যেভাবে মাসদার হোসেন মামলার রায় হয়েছে, সেভাবে গেজেট প্রকাশের জন্য সরকারকে ও আইনমন্ত্রীকে অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন মন্ত্রণালয় কর্তৃক আপিল বিভাগ, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের প্রতি যে উপেক্ষা প্রদর্শিত হয়েছে, তার জন্য অবিলম্বে দুঃখ প্রকাশ করে আপিল বিভাগের পরামর্শ অনুযায়ী গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সমিতির সহসভাপতি উম্মে কুলসুম, সম্পাদক মাহবুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।