বিচারকদের সীমানা অতিক্রম করা উচিত নয়: আইনমন্ত্রী
‘বিচারকদের সীমানা অতিক্রম করা উচিত নয়’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘তাঁদের এমন কিছু করা উচিত নয়, যাতে করে বিচারিক নৈরাজ্য তৈরি হয়।’
এর আগে নির্বাহী বিভাগের ওপর বিচার বিভাগের হস্তক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার বিরক্তি প্রকাশ করে বক্তব্য দেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের তিন কর্মকর্তাকে বরখাস্ত করে যখন সুষ্ঠুভাবে তদন্ত চলছিল, তখন হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে সমস্যা সৃষ্টি করেছে।
এক দিনের মাথায় আইনমন্ত্রী গতকাল সোমবার একটি অনুষ্ঠানে প্রায় একই ধরনের মন্তব্য করলেন। এ সময় বিচারপতি মো. ইমান আলী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইনজীবীদের কয়েকজন বলছেন, প্রধানমন্ত্রী এ বক্তব্য দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে বিচারাঙ্গনে এবং বিচারসংশ্লিষ্টদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে। গতকাল আইনমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা আরও বাড়বে৷
‘মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়ান হাইকমিশন। সমাপনী পর্বে আইনমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন আইনজীবী তানিয়া আমীর।
প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তানিয়া আমীর বলেন, ‘বিচার বিভাগ রাষ্ট্রের স্বাধীন অঙ্গ। আমার মনে হয়, এই বিভাগে কর্মরতদের সীমারেখা কোথায়, কতটুকু সে সম্পর্কে তাঁদের যথেষ্ট ধারণা, যোগ্যতা ও বিবেকবোধ আছে।’ বিচারকদের সীমারেখা কোথায় থাকবে বা থাকবে না, তা বাইরে থেকে নির্ধারণ করে দেওয়া মোটেও প্রত্যাশিত নয় বলে মত দেন তানিয়া আমীর।
জনস্বার্থের মামলা প্রসঙ্গেই আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বিচারক ও বিচার বিভাগ নিয়ে মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘জনস্বার্থের মামলায় বিচার বিভাগ বিভিন্ন সময়ে যেসব উদ্যোগ নেয়, সেগুলোকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু তাঁদের সীমানা অতিক্রম করা উচিত নয়।’
অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে বিচার বিভাগের দেওয়া নির্দেশের কথা মাথায় রেখে তিনি এমন মন্তব্য করেছেন কিনা। জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি সার্বিক বিষয়গুলো মাথায় রেখে সাধারণভাবে এ মন্তব্য করেছি।’
আইনমন্ত্রীর এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, বিচার বিভাগ প্রতি পদে হস্তক্ষেপ করতে পারে না। যার যা কাজ, তাকেই করতে দেওয়া উচিত।
নারায়ণগঞ্জের ঘটনার পর র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন রফিক-উল হক। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এ বিষয়ে যথার্থই বলেছেন।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। ৫ মে ঘটনাটি তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃতে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন।
সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় র্যাবের তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। গত ১১ মে ওই তিনজনকে গ্রেপ্তারে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন হাইকোর্ট। দণ্ডবিধি বা বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে বলা হয়। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতের এই নির্দেশে বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, র্যাবের তিন কর্মকর্তাকে আদালত কেন গ্রেপ্তারের নির্দেশ দিলেন, এটা তাঁর বোধগম্য নয়। জজ সাহেবদের কাছে সাংবাদিকদের তথ্য-প্রমাণ চাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বেঞ্চই এখন ব্যবস্থা নিক। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, এ কথা বলায় তাঁর আদালত অবমাননা হবে কিনা।
আদালত সূত্র জানায়, জনস্বার্থের মামলা এবং আদালত অবমাননা সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত বিষয়। জনস্বার্থের মামলায় অনেকেই সুফল পাচ্ছে, এটা যেমন ঠিক, তেমনি এ ধরনের মামলার নামে হয়রানির ঘটনাও ঘটছে।
এ প্রসঙ্গে তানিয়া আমীর বলেন, জনস্বার্থে মামলার দুয়ার খুলতে অনেক কষ্ট করতে হয়েছে। এটার কিছু অপব্যবহারও হচ্ছে। এটা রোধে দায়িত্বশীল আইনজীবীসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।
গত আওয়ামী লীগ সরকারের মাঝামাঝি সময়ে একজন বিচারকের মন্তব্য নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়। বর্তমান রাষ্ট্রপতি এবং তখনকার িস্পকার আবদুল হামিদ এবং হাইকোর্টের একটি বেঞ্চের মধ্যে এ নিয়ে বিতর্ক হয়।
বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রের একটি অঙ্গ কী করবে বা করবে না, তা নিয়ে আরেকটি অঙ্গ মন্তব্য করলে বা উপদেশ দিলে ভুল-বোঝাবুঝি অবশ্যম্ভাবী। রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে কোনো অঙ্গেরই বাড়াবাড়ি কাম্য নয়—এ কথা উল্লেখ করে শাহদীন মালিক বলেন, এমনটি হলে অস্থিতিশীলতা ও অস্থিরতার আশঙ্কা থাকে। তিনি আরও বলেন, হাইকোর্টের কোনো আদেশ মনঃপূত না হলে সরকার মন্তব্য না করে আপিল করতে পারে এবং এটাই সংবিধানসম্মত।