বিচারকসম্পর্কিত আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্য-সম্পর্কিত আইনের খসড়াটির নাম পরিবর্তন করে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬ নামে ওই খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়, যেখানে অভিযুক্ত বিচারক আত্মপক্ষ সমর্থন করতে পারবেন এবং হয়রানির শিকার হলে প্রতিকার পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচিত এ আইনের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, প্রায় দেড় ঘণ্টা ধরে আইনটির ওপর আলোচনায় জ্যেষ্ঠ মন্ত্রীরা অংশ নেন। এ সময় আইনটি এই মুহূর্তে করা জরুরি কি না, আইনটি সম্পর্কে প্রধান বিচারপতির মত না দেওয়া, ৫ মে এ-সংক্রান্ত মামলার রায় দেখে আইনটি করা উচিত কি না—এসব বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আলোচনা শোনেন। তিনি বলেন, আইনটি বিচারকদের জন্য শোভনীয় ও মার্জিত হবে। তা ছাড়া অভিযুক্তের বিচার হবে কয়েকটি ধাপ পার হয়ে এবং আত্মপক্ষ সমর্থনের মধ্য দিয়ে, যেটি আগে ছিল না।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এটি ভারসাম্যপূর্ণ একটি আইন। এতে বিচারকদের অধিকার, সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ছাড়া পার্শ্ববর্তী বিভিন্ন দেশে, এমনকি কমনওয়েলথভুক্ত দেশগুলোতে এ ধরনের আইনের মাধ্যমে বিচারকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও বিচার হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে অভিযুক্ত বিচারকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে। কেউ ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ করলে দুই বছর এবং অনূর্ধ্ব পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধান বিচারপতি এ আইনের ওপর মতামত দেননি, তবে সেই সুযোগ আছে। তিনি বলেন, বিচারপতিদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে, এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য আইনটি আবার মন্ত্রিসভায় আসবে।
এ আইনের মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অসম্মানজনক বিদায় বন্ধ হবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মন্ত্রিসভা আইনটির খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অপসারণের প্রক্রিয়া আইন দ্বারা নির্ধারণ করা হবে—এটা ১৯৭২ সালের সংবিধানে লেখা ছিল। ১৯৭২ থেকে শুরু করে ১৯৭৭ পর্যন্ত এ বিষয়ে কোনো আইন হয়নি। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনীর পর এ আইনের কাজ শুরু হলে খসড়া অনুলিপিতে আইন কমিশনের পাশাপাশি প্রধান বিচারপতির মতামত চাওয়া হয়। জবাবে ওনারা বলেছেন, হাইকোর্টে এ বিষয়ে মামলা থাকায় তাঁরা অভিমত দিতে পারেন না।
গতকালের বৈঠকে জাতীয় গৃহায়ণ নীতিমালা, ২০১৬-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শফিউল আলম বলেন, দেশের প্রত্যেক নাগরিকের জন্য আবাসনসুবিধা দেওয়ার লক্ষ্যে জাতীয় গৃহায়ণনীতি, ২০১৬ -এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় জাতিসংঘ পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলের একজন সদস্য মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মত এক প্রস্তাব নেওয়া হয়। জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ২১ এপ্রিল এই প্যানেলের সদস্য হিসেবে শেখ হাসিনার নাম ঘোষণা করেন।