বিচারকসহ পাঁচজনের সাক্ষ্য-জেরা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামসহ পাঁচজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য ও জেরা চলে।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুনের দুটি মামলার প্রধান আসামি নূর হোসেন, র‍্যাবের অব্যাহতিপ্রাপ্ত সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ, এম এম রানা, আরিফ হোসেনসহ ২৩ আসামিকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।

সরকারি কৌঁসুলি এস এম ওয়াজেদ আলী খোকন বলেন, সাত খুনের দুই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম (চার আসামি এবং সাক্ষী হিসেবে পাঁচজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন) আজ আদালতে সাক্ষ্য দেন। পরবর্তী সময়ে মামলার আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। পরে জব্দ তালিকার সাক্ষী হিসেবে আব্দুল আউয়াল, আজাদ শেখ, মোহাম্মদ হাসান ও আব্দুর রহিমের সাক্ষ্যগ্রহণ ও তাঁদের জেরা করা হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং প্রবীণ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করেন।

দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি তাঁর দায়ের করা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র দেওয়ায় নারাজি দাখিল করলে প্রথমে বিচারিক হাকিম আদালত এবং পরে জেলা ও দায়রা জজ আদালত তা খারিজ করে দেন। পরে তিনি অধিকতর তদন্ত চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত শুনানি শেষে আদেশে বলেন, পুলিশ চাইলে মামলাটি অধিকতর তদন্ত করতে পারে। তবে মামলাটিতে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার ধারা যুক্ত করে বিচার করার জন্য জেলা ও দায়রা জজকে নির্দেশ দেন।