বিচারকসহ ৭ জনকে আসামিপক্ষের জেরা
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন ও ছয়জন সাক্ষীকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজ সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষীদের জেরা করা হয়।
জেরা শেষে আদালত আগামী ১৮ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও এম এম রানাসহ গ্রেপ্তার ২৩ আসামিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে আসামি তারেক সাঈদ, এম এম রানাসহ সাতজনের ও তিনজন প্রত্যক্ষদর্শীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেএম মহিউদ্দিনকে জেরা করা হয়। তাঁকে জেরা করেন মামলার প্রধান আসামি নূর হোসেন এবং তারেক সাঈদ মোহাম্মদ ও এম এম রানার আইনজীবীরা। তাঁকে প্রায় তিন ঘণ্টা জেরা করা হয়। এরপর সাক্ষী মো. হোসেন, উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন, কনস্টেবল রমজান মৃধা এবং স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী জানান, আসামি তারেক সাঈদ, এমএম রানা ও নূর হোসেনের আইনজীবীরা বিচারিক হাকিম ও ছয়জন সাক্ষীকে জেরা করেন। পরে আদালত ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন আটজন সাক্ষীকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
তারেক সাঈদের আইনজীবী সুলতানুজ্জামান বলেন, বিজ্ঞ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসামিদের যে জবানবন্দি রেকর্ড করেছেন তাতে যে ত্রুটি-বিচ্যুতিগুলো ছিল, আমরা সেগুলো আদালতে তুলে ধরেছি।
দুটি মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দুই আসামি নূর হোসেন ও তারেক সাঈদ উচ্চ আদালতে যাওয়ার কারণে তাঁরা সাক্ষীদের জেরা করা থেকে বিরত ছিলেন। আজ ওই দুই আসামির আইনজীবীরা একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিমসহ ৭ জনকে জেরা করেছেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর খুন করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরের দিন একজনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়।