চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় করা পাঁচ মামলার বিচারকাজ তিন বছরেও শুরু হয়নি। তিনটি হত্যা মামলার তদন্ত এখনো চলছে। এতে হতাশ ওই ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা।
২০১৩ সালের ১১ এপ্রিল ভুজপুরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। সেদিন দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। হামলায় আহত হন আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী।
ওই ঘটনায় ভুজপুর থানায় পাঁচটি মামলা করা হয়। মামলায় আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। এর মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাতনামা আসামি। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ভুজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিব আহমেদ।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলায় নিহত আওয়ামী লীগের কর্মী ফারুক ইকবাল ওরফে বিপুল, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ ফোরকান হত্যা মামলায় ২০১৪ সালের ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় ভুজপুর থানার পুলিশ। অভিযোগপত্রভুক্ত আসামিদের বেশির ভাগ জামায়াত-শিবিরের নেতা-কর্মী। পুলিশের দাখিল করা তিনটি অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন মামলার বাদীরা।
বাদীপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী সালামত উল্লাহ প্রথম আলোকে বলেন, তিনটি মামলার তদন্তে ত্রুটি থাকায় আদালতে নারাজি আবেদন করা হয়। প্রকৃত অনেক আসামিকে বাদ দিয়ে পুলিশ অভিযোগপত্র দেয়। এমনকি যাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত হয়েছেন, তাঁদের এই মামলায় সাক্ষী রাখা হয়নি। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যাবে না। শুনানি শেষে ২০১৪ সালের ১৩ আগস্ট রুবেল হত্যা মামলা এবং পরের বছরের ২৪ মার্চ ফোরকান হত্যা মামলা এবং ফারুক ইকবাল হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য গত বছরের শেষের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত।
রুবেল ও ফোরকান হত্যা মামলার তদন্ত করছেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির সরকার। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, মামলা দুটির তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই মামলা দুটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
ফারুক ইকবাল হত্যা মামলার তদন্ত করছেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক শাহজাহান খান। তিনি জানান, মামলার তদন্ত চলছে।
এ দিকে ওই ঘটনার দিন গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা বাকি দুটি মামলায় ভুজপুর থানার পুলিশ গত বছরের শেষের দিকে অভিযোগপত্র দেয়। চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান জানান, মামলা দুটির বিচারকাজ এখনো শুরু হয়নি। আসামিদের বেশির ভাগই জামিনে আছেন।
তিন বছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় হতাশ নিহত ব্যক্তিদের স্বজনেরা। ফারুক ইকবালের স্ত্রী সানজিদা আফরিন বলেন, ‘সন্তানদের মুখের দিকে তাকালে কষ্ট হয়। অপরাধীদের শাস্তি হলে কষ্ট কিছুটা কমত।’
রুবেলের মা শামসুন্নাহার ও ফোরকানের মা ফেরদৌস বেগম বলেন, ‘তদন্তই শেষ হয়নি, কবে বিচার পাব জানি না?’
ঘটনার দিন হামলায় আহত হন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম পেয়ারুল ইসলাম। তিন বছরেও মামলার বিচারকাজ শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, আলোচিত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।
জামিনে মুক্ত জামায়াত নেতা হাবিব আহমেদ দাবি করেন, তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলায় তাঁদের জড়ানো হয়েছে।