জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুটি মামলার বিচারকাজ পরিচালিত হবে ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে। আইন মন্ত্রণালয় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অবশ্য গত ৩০ এপ্রিল এ-সংক্রান্ত আদেশ জারি হয়। এত দিন এ দুটি মামলা পরিচালিত হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত এজলাসে।
এ দুটি মামলায় গত ২০ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর দায়রা জজ আদালত ভবনে অনেক আদালতে বিচারকাজ চলায় এই ভবন ও এলাকাটি আদালত চলাকালে জনাকীর্ণ থাকে। ফলে নিরাপত্তাজনিত কারণে ফৌজদারি কার্যবিধির ৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ দুটিসহ মোট তিনটি মামলা পরিচালনার জন্য আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে নির্মিত ভবনকে (পিলখানা হত্যা মামলার অস্থায়ী এজলাস ছিল) অস্থায়ী আদালত ঘোষণা করেছে।