বিচারকাজ ঝুলে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ও খুলনার তিন সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল, শামছুর রহমান ও মানিক সাহা হত্যার বিচার যথাক্রমে ১৫, ১৩ ও ৯ বছর ধরে ঝুলে আছে। বিচার না পেয়ে হতাশায় দিন কাটছে তাঁদের স্বজনের। ১৫ বছরেও মুকুল হত্যার বিচার হয়নি: ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে যশোরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন স্থানীয় দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল। পরদিন নিহত সাইফুল আলমের স্ত্রী হাফিজা আক্তার কারও নাম উল্লেখ না করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২২ জনকে অভিযুক্ত করে ১৯৯৯ সালের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৫ সালের ১৫ জুন আদালতে সাইফুল আলম হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়। এদিন সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। ওই বছরের ২১ ডিসেম্বর সিআইডি অধিকতর তদন্ত করে দৈনিক ইত্তেফাক-এর নিজস্ব প্রতিবেদক ফারাজী আজমল হোসেনসহ দুজনকে নতুন করে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৭ মার্চ যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাইফুল আলম হত্যা মামলার বিচারকাজ শুরু হয়। বাদীসহ ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। একপর্যায় ফারাজী আজমল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিচারকাজ স্থগিত করেন। এখনো মামলাটি সেই অবস্থায় আছে।১৩ বছর ঝুলছে শামছুর রহমান হত্যা মামলা: ২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠ-এর যশোরের কার্যালয়ে সন্ত্রাসীরা গুলি চালিয়ে পত্রিকাটির বিশেষ প্রতিনিধি শামছুর রহমানকে হত্যা করে। এ ঘটনায় করা মামলার তদন্ত করে সিআইডি ২০০১ সালে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৫ সালের জুন মাসে যশোরের বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। ওই বছরের জুলাই মাসে বাদীর মতামত ছাড়াই মামলাটি খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।বাদীর আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলাটি কেন যশোরে ফিরিয়ে দেওয়া হবে না, মর্মে সরকারের ওপর রুল জারি করেন। এর পর থেকে মামলার বিচার-প্রক্রিয়া থমকে আছে। শামছুর রহমানের ভাই সাজেদ রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যাপারে আমরা এখন কিছুই জানি না।’নয় বছরেও মানিক সাহা হত্যার বিচার হয়নি: ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের কাছে সন্ত্রাসীরা বোমা মেরে হত্যা করে দৈনিক সংবাদ-এর খুলনা ব্যুরোপ্রধান, একুশে টেলিভিশন ও বিবিসির খুলনা প্রতিনিধি মানিক সাহাকে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে। দুই দফা তদন্ত শেষে ২০০৮ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিক সাহা হত্যার ঘটনায় করা দুটি মামলা (হত্যা ও বিস্ফোরক) চাঞ্চল্যকর হিসেবে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হয়। পরে বিচার কার্যক্রম ফেরত পাঠানো হয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে। বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে মামলা দুটি পুনরায় সাক্ষ্য গ্রহণের অপেক্ষায় রয়েছে।নিহত মানিক সাহার ছোট ভাই প্রদীপ সাহা বলেন, ‘এ সরকারের সাড়ে চার বছর পেরিয়ে গেলেও বিচার শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে আমরা হতাশ ও ক্ষুব্ধ।’ রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি কাজী আবু শাহীন বলেন, ‘সব সাক্ষী সাক্ষ্য দেননি। তাঁদের সাক্ষ্য নেওয়া উচিত। এ জন্য বিচারকাজ শেষ হতে দেরি হচ্ছে।’