বিচারকাজ ত্বরান্বিত করতে আরেকটি ট্রাইব্যুনাল হচ্ছে
মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ ত্বরান্বিত করতে নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।বর্তমানে একটি ট্রাইব্যুনালে একই সঙ্গে আটটি মামলার বিচারিক কার্যক্রম চলায় চাপ বেশি পড়ছে। এতে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। এ কারণেই নতুন ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। বর্তমান কমিশনের মতোই একজন চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়ে নতুন ট্রাইব্যুনালটি হবে। বর্তমানে যেখানে বিচারকাজ চলছে, সেই পুরাতন হাইকোর্ট ভবনেই নতুন ট্রাইব্যুনালের কার্যালয় হবে। আর এই ভবনে থাকা আইন কমিশনের কার্যালয় সরিয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে।জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, আরেকটি টাইব্যুনাল গঠনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন কক্ষ ঠিক করা হচ্ছে। কক্ষ হয়ে গেলেই ট্রাইব্যুনাল গঠন করা হবে। পুরাতন হাইকোর্ট ভবনে থাকা আইন কমিশনের কার্যালয় অন্যত্র সরিয়ে পুরো ভবনকেই এই কাজের জন্য ব্যবহার করা হবে।নতুন ট্রাইব্যুনাল হলে নতুন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি নিয়োগ করা হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বর্তমানে যাঁরা আছেন, তাঁরাই কাজ করতে পারবেন। তার পরও প্রয়োজন হলে নিয়োগ দেওয়া হবে।জনবলের অভাব: বর্তমানে ট্রাইব্যুনালের জনবল আছে ২২ জন। এই সংখ্যা বাড়িয়ে ৭৫ জন করার প্রস্তাব গত মাসে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সংখ্যা বর্তমানে যেখানে ১৪ জন, সেটা বাড়িয়ে ৩৪ জন কৌঁসুলিসহ মোট ১৩২ জনবলকাঠামোর প্রস্তাব পাঠানো হয়েছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, বিচারের এই পর্যায়ে ট্রাইব্যুনালের সংখ্যাও যেমন বাড়ানো দরকার, সেই সঙ্গে এ ধরনের বিচার সম্পর্কে অভিজ্ঞ আইনজীবীদের সংখ্যাও বাড়াতে হবে। কেননা, আগামী বছরের জানুয়ারি থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।তদন্ত সংস্থা: মানবতাবিরোধী অপরাধের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ৩৭০টি অভিযোগ তদন্তের অপেক্ষায় রয়েছে। সীমিত জনবলের কারণে এখন পর্যন্ত মাত্র সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ করা সম্ভব হয়েছে। পর্যাপ্ত জনবলের অভাবে প্রত্যাশিত তদন্ত হচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তদন্ত সংস্থায় বর্তমান কর্মকর্তার সংখ্যা ১৯ জন।গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার জন্য ৩৩৪ জনের একটি জনবল কাঠামোর প্রস্তাব সরকারের কাছে পাঠায় সংস্থা। প্রস্তাবে দেশের বৃহত্তর ১৯টি জেলায় সংস্থার শাখা কার্যালয় স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। কিন্তু সরকার এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল প্রথম আলোকে বলেন, বিচারের সংখ্যা আনুপাতিক হারে বাড়ার সঙ্গে সঙ্গে তদন্ত সংস্থার লোকও বাড়ানো হবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়ছে। একটি স্থায়ী কাঠামো না হলে এত অভিযোগের তদন্ত করা সম্ভব নয়।২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচারের প্রক্রিয়া শুরু হয়। তিনজনের এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক। একই বছরের ২৮ মার্চ পুরাতন হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আটটি মামলার কার্যক্রম চলছে। এর মধ্যে প্রথম মামলায় জামায়াতের নেতা সাঈদীর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।বাকিদের মধ্যে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, গোলাম আযম ও বিএনপির নেতা আবদুল আলীমের বিচারের প্রক্রিয়া চলছে।