নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ছয় বছর পূর্ণ হয়েছে। ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন লোকমান। তবে মামলার বিচারকাজ বর্তমানে থমকে আছে।
জানা গেছে, প্রয়াত পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার তদন্ত শেষে এজাহারভুক্ত ১৪ জন আসামির মধ্যে প্রধান আসামিসহ ১১ জনকে বাদ দিয়ে এজাহারবহির্ভূত ১২ জনকে অভিযুক্ত করে নরসিংদী মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা। কিন্তু এজাহারভুক্ত আসামিদের বাদ দেওয়ায় এই অভিযোগপত্রে সন্তুষ্ট হতে পারেনি লোকমানের পরিবার। বাদীপক্ষ থেকে অভিযোগপত্রের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে নারাজি আবেদন জানানো হয়। তবে আদালত আবেদন খারিজ করে দেন। পরে বাদী জেলা জজ আদালতে রিভিউ পিটিশন দাখিল করলে তাও খারিজ হয়ে যায়। এরপর উচ্চ আদালতের শরণাপন্ন হন মামলার বাদী ও নিহত মেয়রের ছোট ভাই কামরুজ্জামান। বর্তমানে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় নিম্ন আদালতে থমকে আছে চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার বিচারকাজ।
মামলার বাদী ও বর্তমান মেয়র কামরুজ্জামান বলেন, ‘বর্তমানে মামলাটিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে। যতক্ষণ পর্যন্ত লোকমান হত্যার যথাযথ বিচার না হবে, ততক্ষণ আইনি লড়াই চালিয়ে যাব।’ তিনি বলেন, উচ্চ আদালত এই মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
নিহত লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বলেন, ‘লোকমান হত্যার বিচার না হলে মানুষ রাজনীতির প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আমার মতো প্রতিটি নরসিংদীবাসীর চাওয়া লোকমান হত্যার সঠিক বিচার পাওয়া।’
লোকমান হত্যা মামলার বিষয়ে নরসিংদী জজকোর্টের সরকারি কৌঁসুলি মো. ফজলুল হক বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ থেকে উচ্চ আদালতে নারাজি আবেদন জানানো হয়। বাদীপক্ষের সহযোগিতা ও বিজ্ঞ আদালতের নির্দেশনা পেলে দ্রুত এই হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন করা যাবে।
এদিকে গতকাল বুধবার সকাল সাতটায় পৌর কবরস্থানে লোকমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৫ দিনের কর্মসূচি শুরু করা হয়। নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকসহ লোকমান হোসেনের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।