বিচারকাজ দ্রুত শেষ করার দাবি স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে চীনা নাগরিক চেং হেসং হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা। আজ রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে তাঁরা এ দাবি জানান।

সাড় তিন মাস আগে যশোর শহরে খুন হন চীনা নাগরিক চেং হেসং। চাঞ্চল্যকর ওই হত্যা মামলার অগ্রগতির খোঁজখবর নিতে গতকাল শনিবার যশোরে আসেন চেং হেসংয়ের স্বজনেরা। পুলিশ প্রশাসন, আইনজীবী ও মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে তাঁরা আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তাঁরা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার দাবি জানান।

এ সময় নিহত ব্যক্তির ছোট ভাই চেয়িং জিং বলেন, ‘ভাই হত্যাকাণ্ডের প্রায় চার মাস পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি বিষয়ে কিছুই জানতে না পারায় আমরা হতাশ হয়ে পড়ি। যশোরে এসে আইনজীবী, পুলিশ ও মামলার তদন্তকারী কর্মকর্তাসহ অন্যদের সঙ্গে কথা বলে আমরা বেশ সন্তুষ্ট হয়েছি। এখন আমাদের চাওয়া, দ্রুত মামলার বিচারকাজ শেষ হোক। একই সঙ্গে খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন নিহত চেং হেসং এর বন্ধু চীনা নাগরিক চেন জিন লং ও শেন জিন ঝং।

২০১৬ সালের ১৫ ডিসেম্বর সকালে যশোর উপশহর মহিলা কলেজসংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে চীনা নাগরিক চেং হেসংয়ের (৪৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর দোভাষী এবং ব্যবসা তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশি নাগরিক নাজমুল হাসান পারভেজ ও তাঁর ভাইপো মুক্তাদির রহমানকে আটক করে পুলিশ। পরে তাঁরা হত্যার দায় স্বীকার করে যশোর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিহত চেং হেসং বাংলাদেশে থেকে যশোরে ইজিবাইকের ব্যবসা করতেন। ওই ব্যবসায়ের টাকা আত্মসাৎ করার জন্য তাঁরা (নাজমুল হাসান ও তাঁর ভাইপো মুক্তাদির) শ্বাসরোধে ও ছুরিকাঘাতে তাঁকে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সারোয়ার প্রথম আলোকে বলেন, মাস দু-এক আগে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযুক্ত দুজন কারাগারে আটক রয়েছেন। তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।