মানবতাবিরোধী অপরাধে দায়ী ব্যক্তিদের বিচার কার্যক্রম বিঘ্নিত করতে সারা দেশে জামায়াত-শিবির তাণ্ডব চালাচ্ছে বলে মনে করে গণজাগরণ মঞ্চ। এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ইমরান বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম ও তাঁর পরিবারকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। তাদের আক্রমণের প্রতিক্রিয়ায় মারা গেছেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা খান আলী রেজা। এ ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে, নির্বাচন কমিশনের সামনে, সিপিবির কার্যালয়ের সামনে এবং ৭১ টিভি, দেশ টিভি, মোহনা টিভি, গাজী টিভিসহ বেশকিছু গণমাধ্যমের কার্যালয়ে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ইমরান বলেন, হামলার ধরন থেকে এটা এখন স্পষ্ট যে হামলাকারীদের প্রধান লক্ষ্যবস্তু বিচার বিভাগ।
গণজাগরণ মঞ্চের কর্মসূচি: কাল শনিবার বিকেল তিনটায় দেশব্যাপী স্বাধীনতার সপক্ষের শক্তির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ, পরদিন ৩ নভেম্বর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাইনুদ্দীনের রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকে প্রজন্ম চত্বরে অবস্থান এবং ৯ নভেম্বর শনিবার বিকেল তিনটায় যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করার দাবিতে শাহবাগে ছাত্র-শিক্ষক সমাবেশ।