বিচারকাজ শুরু জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ৮২৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকাজ আগামী জানুয়ারিতে শুরু হবে। বিচার পরিচালনার জন্য অস্থায়ী আদালতের ঘোষণা দেওয়া হতে পারে আজ। রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউশন এবং সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে এ আদালত স্থাপন করা হচ্ছে।ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৯-এর উপধারা-২ অনুসারে এ-সংক্রান্ত ঘোষণা সরকারি গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করবেন আইন মন্ত্রণালয়ের উপসচিব। একই সঙ্গে আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে একটি প্রতিনিধিদলও আজ আদালত প্রাঙ্গণ পরিদর্শন করবে।মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদালত ঘোষণা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে জানান, আদালত ভবন বিচারের জন্য প্রস্তুত কি না, তা খতিয়ে দেখতে আজ আইন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আদালত প্রাঙ্গণে যাবে। জানা গেছে, বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা নিউমার্কেট থানার মামলা, লালবাগ থানার মামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সংশ্লিষ্ট সব মামলার তালিকাও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।সূত্র জানায়, এই মামলার বিচারের জন্য আলিয়া মাদ্রাসার মাঠে আদালতের অস্থায়ী কাঠামো তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ও এলজিআরডি মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ দিয়েছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিরাপত্তাসহ অনেক বিষয় বিবেচনায় নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী বিচার আদালত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, ১৬ মাস তদন্তের পর পিলখানা হত্যাযজ্ঞের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত ১২ জুলাই অভিযোগপত্র দেয়। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জবানবন্দি, মন্ত্রী, সাংসদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।