বিচারকাজ শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ হত্যা মামলা
ফারুক আহমেদ হত্যা মামলা

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার বিচারকাজ আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া গত বৃহস্পতিবার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
নিহত ফারুক টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। একাত্তরে মুক্তাঞ্চল থেকে প্রকাশিত রণাঙ্গন নামের একটি পত্রিকার সহসম্পাদক ছিলেন। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ‘প্রতিরোধ যুদ্ধে’ অংশ নিয়ে তিনি পঙ্গু হন। ২০১৩ সালের ১৮ জানুয়ারি শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছে ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
গোয়েন্দা পুলিশ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগপত্র দেয়। এতে বলা হয়েছে, ২০১২ সালের শেষ দিকে ফারুক আহমেদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে তৎপরতা শুরু করেন। একই পদে টাঙ্গাইল-৩ আসনে (ঘাটাইল) আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমানের এক ভাইও প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বিতা থেকে ফারুককে বিরত রাখতে না পেরে ওই সাংসদ ও তাঁর ভাইয়েরা ফারুককে পরিকল্পিতভাবে হত্যা করেন।

আদালত এপ্রিল মাসে অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্রে আমানুর, তাঁর তিন ভাইসহ মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়। আমানুরের ভাইয়েরা হলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা)।

আর বাকি ১০ জন আসামি হলেন সাংসদ আমানুরের ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, আনিছুল ইসলাম (রাজা), মোহাম্মদ আলী, সমীর ও ফরিদ আহমেদ, আমানুরের দারোয়ান বাবু, যুবলীগের তৎকালীন নেতা আলমগীর হোসেন (চান), নাসির উদ্দিন (নুরু), ছানোয়ার হোসেন ও সাবেক পৌর কমিশনার মাছুদুর রহমান। এর মধ্যে আলী, সমীর, ফরিদ ও আনিছুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিরা সবাই পলাতক।

পরে বিচারিক হাকিম আদালত আমানুর, তাঁর তিন ভাইসহ পলাতক ১০ আসামির বিরুদ্ধে হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারি করেন। তাঁদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। তারপরও হাজির না হওয়ায় তাঁদের অনুপস্থিতিতে বিচারকাজ শুরু হচ্ছে। এদিকে জেলাম্যাজিস্ট্রেট মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।