বিচারকাজে দীর্ঘসূত্রতার কারণেই মামলাজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকাজে দীর্ঘসূত্রতার কারণেই আদালতে মামলাজট তৈরি হয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থী জনগণের অর্থ ও সময় বেশি লাগে। এসব কারণে জনগণ আদালতে যেতে ভয় পায়।

দেওয়ানি কার্যবিধি (সংশোধন) আইন ২০১২ অনুযায়ী, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বাধ্যতামূলক বিধান প্রয়োগসংক্রান্ত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এসব কথা বলেছেন। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এ সভার আয়োজন করে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আইনমন্ত্রী বলেন, আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থায় দ্রুততার সঙ্গে বিরোধ নিষ্পত্তি সম্ভব। এ কারণেই বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করে পুরোনো দেওয়ানি কার্যবিধি আইন সংশোধন করা হয়েছে। ছোটখাটো ফৌজদারি বিরোধও এডিআরের মাধ্যমে নিষ্পত্তির বিধান রাখা হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৪ লাখ ৫৫ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। এডিআরের মাধ্যমে বিরোধের দ্রুত নিষ্পত্তি হলে মামলাজট কমবে। এডিআরের প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে তিনি বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিত্তশালীরা উচ্চ আদালতে গিয়ে মামলায় স্থগিতাদেশ নিয়ে আসেন। এ কারণে নিম্ন আদালতে অনেক মামলার নিষ্পত্তি হচ্ছে না। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ স্থগিতাদেশের প্রবণতা দূর করতে হবে।

ঢাকা জেলা ও দায়রা জজ আবদুল মজিদ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার। সাংসদ রাশেদ খান মেনন, মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো জহিরুল হক প্রমুখ মতবিনিময় সভায় বক্তব্য দেন। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় কর্মরত বিচারক, সরকারি কৌঁসুলি ও আইনজীবীরা মতবিনিময়ে অংশ নেন।