বিচারকাজে দেরি বরদাশত করা হবে না: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মামলার তারিখ দীর্ঘায়িত করে বিচার কাজ বিলম্বিত করা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি অল্প দিনের ব্যবধান রেখে মামলার তারিখ দেওয়ার কথাও বলেছেন।
প্রধান বিচারপতি আজ রোববার নারায়ণগঞ্জের বিভিন্ন আদালতের বিচারকাজ পরিদর্শন করেন। এর পর বিকেলে জেলায় কর্মরত বিচারকদের নিয়ে আয়োজিত বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ওই সম্মেলনে বিচারকেরা ছাড়াও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা ও পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি এ সময় হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানোর মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশের দুর্বল তদন্তের কারণে বিচার বিভাগ নিয়ে রাজনীতিবিদেরা অভিযোগের সুযোগ পায়। এ ছাড়া পুলিশের দুর্বল তদন্তের কারণে অনেক আসামি আইনের ফাঁক গলে জামিন পেয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।
জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সম্মেলনে সভাপতিত্বে করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলও সম্মেলনে যোগ দেন।