বিচারকাজে বিলম্ব না করার অনুরোধ মিজানুর রহমানের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত দেশে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। গতকাল বুধবার অপরাধ-বিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের জন্য শরণার্থীদের সুরক্ষা বিষয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে ওই প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইউএনএইচসিআরের এ দেশীয় প্রতিনিধি স্টিনা লুংডেল, ক্র্যাবের সভাপতি ইসারফ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এম এম বাদশাহও বক্তব্য দেন।
রোহিঙ্গাদের বিষয়ে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘তিন দশকের বেশি সময় ধরে এত মানুষের দায়িত্ব বহন করে চলেছে এই দরিদ্র রাষ্ট্র। আমরা কোনো দিন এর প্রশংসা পাইনি।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক নেতা বা জনগণের ভোটে নির্বাচিত কেউ শরণার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন কি না, সেটা আমরা দেখতে চাই। আমরা জানতে চাই, রোহিঙ্গাদের দিয়ে কারা ইয়াবার ব্যবসা করাচ্ছেন। আমরা দু-এজন রোহিঙ্গাকে ধরে বলছি, ইয়াবা ব্যবসায়ীকে ধরেছি। তারা বাহকমাত্র। এর পেছনে কারা রয়েছে, তাদের এ কাজে কে নিয়োজিত করছে, কে ক্ষমতা জোগাচ্ছে, সেটা আমরা জানতে চাই। এটা আপনাদের (সাংবাদিকদের) দায়িত্ব।’
সাম্প্রতিক হত্যা ও হামলা প্রসঙ্গে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘এরা কি শুধুই জঙ্গি, না এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে। আমরা সব সময়ই বলেছি, এগুলো সব যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার সঙ্গে সম্পৃক্ত। যারা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ করেছে, তাদের পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত বাংলাদেশে শান্তি নিশ্চিত করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘তাই আদালতের কাছে বিনীতভাবে একটা বার্তা পৌঁছে দিতে চাই, এই বিচারকাজে যেন কোনো বিলম্ব না হয়, সেটি আপনারা অনুগ্রহ করে দেখবেন। যেন দ্রুতগতিতে আইনমাফিক বিচারকাজ হয়। এটা যত দীর্ঘায়িত হবে ততই এই দুষ্টচক্র আঘাত হানার চেষ্টা করবে। যেমনটি আজ (গতকাল সকালে) দিনাজপুরে ঘটেছে। ইতালিয়ান আরেকজন নাগরিককে আক্রমণ করে আহত করা হলো।