বিচারকাজে ভিডিও কনফারেন্স চালুর কথা জানালেন প্রধান বিচারপতি
বিচারকাজে গতি আনতে ও যেসব আসামির আদালতে হাজির করায় ঝুঁকি আছে, তা এড়াতে ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু করার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রূপকল্প-২০২১-এর অংশ হিসেবে বিচার বিভাগকে ডিজিটাইজড করতে গতকাল রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রোগ্রামের সঙ্গে সুপ্রিম কোর্টের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘পুলিশ প্রশাসন থেকে প্রায়ই বলা হয়, কারাগারে থাকা সন্ত্রাসীদের বিভিন্ন মামলায় এক জেলা থেকে অন্য জেলায় নিতে খুব অসুবিধা হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একজন শীর্ষস্থানীয় সন্ত্রাসীকে জেল থেকে আদালতে নেওয়ার সময় মাঝপথে সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। এগুলো অতিক্রম করতে ডিজিটাল পদ্ধতি চালু করতে চাচ্ছি।’
রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারব্যবস্থার অর্থ রাষ্ট্রের অন্য কোনো অঙ্গের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা। শত বছরের পুরোনো আইন ও গতানুগতিক পদ্ধতিতে বিচারকার্য পরিচালনা করায় এখন ৩০ লক্ষাধিক মামলাজটে আবদ্ধ বাংলাদেশের বিচার বিভাগ। অথচ মাত্র ১ হাজার ৬০০ বিচারক সম্পূর্ণ বিচার বিভাগের দায়িত্ব পালন করছেন।
প্রধান বিচারপতি বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সুপ্রিম কোর্ট-সম্পর্কিত তথ্যাদি দেওয়ার জন্য তৈরি করা ওয়েব পোর্টালের মাধ্যমে সুপ্রিম কোর্টের কজলিস্ট (কার্যতালিকা) এবং জামিনপ্রাপ্তি যাচাই-বিষয়ক সফটওয়্যার পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের পক্ষে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্পেশাল অফিসার হোসনে আরা আকতারের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন ও অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ উপস্থিত ছিলেন।