বিচারকাজে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির আহ্বান
বিচারকাজে স্বচ্ছতা নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনের তৃতীয় দিনে তিনি এ আহ্বান জানান।সকাল নয়টা থেকেই সম্মেলনে আসতে শুরু করেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সম্মেলন চলে। রুদ্ধদ্বার সম্মেলনে প্রধান বিচারপতি বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন ও তাঁদের সমস্যা শোনেন। সম্মেলনে রাজশাহী বিভাগের সহকারী জজ ও সারা দেশ থেকে আসা প্রায় ১৬০ জন জ্যেষ্ঠ সহকারী জজ যোগ দেন। সূত্র জানায়, মূলত আদালত প্রশাসন ও মামলা ব্যবস্থাপনার বিষয়ে জোর দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, মিথ্যা মামলা দায়ের করা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরত রাখতে বিচারকদের আরও সজাগ থাকতে হবে। শুনানির পরপরই প্রকাশ্য আদালতে আদেশ প্রদান ও ধার্য তারিখে সাক্ষ্য গ্রহণ ও শুনানি হতে হবে। যত দ্রুত সম্ভব রায় ও আদেশের কপি প্রকাশ করতে হবে। তরুণ বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘তোমরা তরুণ। আমি তোমাদের দিকে তাকিয়ে আছি। ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। স্বচ্ছতার মাধ্যমে মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে। পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।’ আদালতে এসে যেন কোনো বিচারপ্রার্থী হয়রানির শিকার নয়, ন্যায়বিচার পান, সেদিকে সচেষ্ট থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি। এ ছাড়া তিনি সমন ও নোটিশ জারির বিষয়টি নিবিড়ভাবে তদারকির আহ্বানও জানান। সম্মেলন সূত্র জানায়, মতবিনিময়কালে প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমস্যার কথাও শোনেন। বিচার বিভাগীয় কর্মকর্তারা প্রযুক্তির সীমাবদ্ধতা ও কম্পিউটারস্বল্পতার বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন। প্রধান বিচারপতি সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদ, ডেপুটি রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২২ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এ সম্মেলন শুরু হয়। ওই দিন প্রায় ২০০ সহকারী জজ এতে অংশ নেন। ২৩ অক্টোবর সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় সাড়ে ৩০০ বিচারিক হাকিম সম্মেলনে যোগ দেন। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠেয় সম্মেলন ১২ নভেম্বর শেষ হবে। চতুর্থ দিনে আজ সব বিভাগের জ্যেষ্ঠ বিচারিক হাকিমদের সম্মেলনে অংশ নেওয়ার কথা।