বিচারকাজের ক্ষেত্রে জবাবদিহির ঘাটতি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, ‘দেশে বিচারকাজের ক্ষেত্রে জবাবদিহির ঘাটতি আছে। মামলার অনুসন্ধানের পর এমনভাবে অভিযোগপত্র দেওয়া হয় যে বিচারকের সাধ্য নেই অপরাধীকে শাস্তি দেওয়ার। ফলে বিচারের বাণী নিভৃতে কাঁদতে কাঁদতে এখন কান্নাও বন্ধ করে দিয়েছে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকা বিচারপতি খায়রুল হক এসব কথা বলেন। ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় খায়রুল হক তাঁর বক্তব্য ব্যক্তিগত অভিমত বলে জানান।
সভায় আইনমন্ত্রী আনিসুল হক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ‘সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূলে সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বি এম খায়রুল হক দুই মন্ত্রীর দিকে তাকিয়ে বলেন, এখানে সরকারের দুই মন্ত্রী আছেন। তাঁদের মনে রাখতে হবে যে দেশে বড় বড় রাস্তা, পদ্মা সেতু আর অনেক উন্নয়ন করলেই হবে না। সবার আগে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে ‘ষোলো আনাই ফাঁকি’। তিনি আরও বলেন, ‘একজন অপরাধী যাতে বুঝতে পারে যে সে অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। এখানে দলীয় রাজনীতি বা ভাই-দাদা তাকে বাঁচাবে না। তবেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’
বিচারপতি খায়রুল হক বলেন, ‘কোনো একটি মামলার শুনানি হতে হতে স্থিতাদেশ চলে আসে। পাঁচ বছর ধরে মামলা চলে। সাক্ষীর কী ঠেকা পড়েছে যে সে এত বছর ধরে সাক্ষী দিয়ে যাবে?’ প্রধান বিচারপতি থাকা অবস্থায় নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আদালতে গিয়ে দেখেছি, সাক্ষীর বসার জায়গা নেই। তাঁর জন্য টয়লেটের ব্যবস্থা নেই।’
খায়রুল হক বলেন, ‘দেশে সারা বছরে যে অপরাধ সংঘটিত হয়, তার মধ্যে ৬০ শতাংশের ক্ষেত্রে অভিযোগ ও মামলা হয়। আর যতগুলো মামলা হয়, তার মধ্যে মাত্র ১০ শতাংশের ক্ষেত্রে সাজা হয়। কেউ অপরাধ করলে সে নামী-দামি আইনজীবী ধরে জামিন নিয়ে বেরিয়ে আসে। অপরাধীরা পরে দাপটে এলাকায় ঘুরে বেড়ায়।’
সভায় এ বি এম খায়রুল হক বলেন, দেশে বর্তমানে ২৮ লাখ মামলা বিচারাধীন আছে। এর মধ্যে নয় লাখ ক্রিমিনাল মামলা। দেশে বিচারকের সংখ্যা এক হাজার ৭০০। এই বিচারকদের পক্ষে সারা জীবনে এই মামলা শেষ করা সম্ভব নয়।
খায়রুল হক বলেন, ‘ব্রিটিশ আদালতের সামনে যে মূর্তিটি রয়েছে, তার চোখ বাঁধা। ভারতের আদালতের সামনেও ওই চোখ বাঁধা মূর্তি রয়েছে। এটা বিচারব্যবস্থার নিরপেক্ষতার প্রতীক। আমাদের এখানে এমন মূর্তিও নেই, তার চোখ খোলা না বাঁধা, তা-ও আমরা জানি না।’ আইন কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের গরিব মানুষ অপরাধ করে না। করে মাস্তানেরা, আর তাদের দিয়ে তা করান ধনীরা। আমরা তাদের কী করতে পারি?’ বর্তমান সরকারকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে প্রতিজ্ঞা (কমিটমেন্ট) করতে হবে, ‘তারা দেশে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।’
এর আগে সভায় দেওয়া বক্তব্যে আনিসুল হক বলেন, ‘জামায়াত ও বিএনপির বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের সঙ্গে বিবাহ থেকে শুরু করে সব ধরনের সম্পর্ক করা থেকে বিরত থাকতে হবে।’ তাদের সর্বক্ষেত্রে বয়কট করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং সভার সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।
সভা শেষে সাংবাদিকেরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু এবং প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের মধ্যে দ্বন্দ্ব প্রসঙ্গে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। আমি আগামী সপ্তাহে দুই পক্ষের সঙ্গে কথা বলব।’ তবে এই দ্বন্দ্বের কারণে বিচারকাজে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।