বিচারকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধান বিচারপতি আলতামাস কবির বলেছেন, মানুষ যদি বিচারের জন্য আদালতের দ্বারস্থ না হতে পারে, তবে বিচারকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রচলিত আনুষ্ঠানিক বিচারব্যবস্থার পাশাপাশি মধ্যস্থতা, সালিস বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো পদ্ধতির সন্নিবেশ ও প্রয়োগ করতে হবে।
‘সবার জন্য বিচারের অধিকার’ শীর্ষক এক বক্তৃতায় বিচারপতি আলতামাস কবির এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট গতকাল বৃহস্পতিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এই বক্তৃতার আয়োজন করে।
আলতামাস কবির বলেন, রাষ্ট্রের প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আদালতে যাওয়া ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। দরিদ্র মানুষের আদালতে যাওয়া কঠিন। তাহলে কীভাবে তাদের বিচার নিশ্চিত করা সম্ভব? ভারতের লোক আদালতের একটি মামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, নারী ও শিশু, নিচু জাত বা হরিজন, হতদরিদ্র বা সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীও যাতে বিচার পেতে পারে, এ জন্য লোক আদালতে বিনা মূল্যে তাদের বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। ন্যূনতম আইনগত সেবা সহজপ্রাপ্য করতে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মতো লিগ্যাল এইড সেন্টার করা হয়েছে। আর এসব সেন্টারে আইনগত সেবাপ্রদান-কারী হিসেবে নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ নারীরা একটি বাড়ির রান্নাঘরেও অবাধে প্রবেশ করতে পারেন। অর্থাৎ, সামাজিক কাঠামোর ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি ব্যক্তির কাছে যেন বিচারের আশ্রয় পাওয়ার সুযোগ থাকে।
মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেন সাবেক এই বিচারপতি। এ ছাড়া বিরোধ নিষ্পত্তির জন্য ভারতে চালু করা আরও কয়েকটি পদ্ধতির কথা উল্লেখ করেন তিনি। পরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ভারতের বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাব কাজ করে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বলতে গেলে নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, ‘সমাজের প্রত্যেকে যদি নিজ অবস্থান থেকে তাঁর ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে ও উদ্যোগ নেয়, তাহলে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়া সম্ভব।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত।