বিচারকের অনিয়মের নথি দুদকে
অবসরে যাওয়া জননিরাপত্তা আদালতের বিশেষ জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁর অনিয়মের যাবতীয় নথিপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
গতকাল দুপুরে এসব নথিপত্র দুদকে পাঠিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে গত রোববার ফারুক আহাম্মেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে প্রতিবেদনসহ চিঠি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের এই প্রতিবেদন বিবেচনায় নিয়েই তাঁর বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জানতে চাইলে সন্ধ্যায় আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘ফারুক আহাম্মেদের বিষয়ে যে অভিযোগ উঠেছে তার প্রতিবেদনও আমরা পেয়েছি। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা এ ব্যাপারে দুদককে ব্যবস্থা নিতে বলেছি।’
আইন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, অভিযোগ রয়েছে তড়িঘড়ি করে অবসরের আগের ১৮ কার্যদিবসে ঢাকার জননিরাপত্তা আদালতের বিশেষ জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মেদ ২৪ মামলার রায় দিয়েছেন। এসব মামলার আসামিদের তিনি বেকসুর খালাস দেন। এ ছাড়া তিনি এক দিনে ১০ মামলার সব সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও আসামি পরীক্ষা এবং যুক্তিতর্ক শেষ করেন। শুনানি শেষে চার থেকে ১০ দিনের ব্যবধানে ২০টি মামলা নিষ্পত্তি করেন। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে ৭ আগস্ট একটি প্রতিবেদন ছাপা হয়েছে। যেখানে বলা হয়েছে, মামলা খালাসের পাশাপাশি তিনি গত জুন মাসেও মাদক মামলার ৪৫ জন আসামিকে জামিন দিয়েছেন। আর ছয় মাসে খালাস দিয়েছেন ৭৭ মামলার আসামিদের। গত ২৬ জুন অবসরে যান বিচারক ফারুক আহাম্মেদ।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ফারুক আহাম্মেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পর ৭ আগস্ট প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা ঢাকার নিম্ন আদালতে যান। ওই বিচারকের নিষ্পত্তি করা কিছু মামলার নথিপত্রের অনুলিপি নিয়ে আসেন। এসব নথিপত্র পর্যালোচনা করে তাতে অসংগতি পরিলক্ষিত হওয়ায় ওই বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে ওই প্রতিবেদনসহ চিঠি পাঠাতে বলা হয়। এরপর গত রোববার সকালে প্রতিবেদনসহ চিঠি পাঠানো হয়।
আইন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানান, ফারুক আহাম্মেদের নথিপত্র পর্যালোচনায় অস্বাভাবিকতা লক্ষ করা গেছে। অধিকাংশ মামলাতে জব্দ তালিকার সাক্ষী ও নিরপেক্ষ সাধারণ সাক্ষীদের আদালতে হাজির না করেই নিষ্পত্তি করা হয়েছে। এমনকি একই দিনে সব সাক্ষীর জবানবন্দি রেকর্ড, আসামির পরীক্ষা ও যুক্তিতর্কের শুনানি করা হলেও এসব বিষয়ে কোনো বিরোধিতাই করেননি সরকারপক্ষের ওই আইনজীবী ।
এ বিষয়ে নিম্ন আদালতের একজন আইনজীবী জানান, ফৌজদারি মামলার ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত হচ্ছে, কোনো বিচারক অবসরে যাওয়ার তিন মাস আগ থেকে শেষ কর্মদিবস পর্যন্ত এমন কোনো মামলার রায় দেবেন না, যা নিয়ে বিতর্ক হয়। অধস্তন আদালতের বিচারকেরা এটা মেনে চলেন।