বিচারকের অপসারণ দাবিতে আদালত বর্জন অব্যাহত
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল মজিদের অপসারণ দাবিতে আইনজীবীরা তাঁর আদালত বর্জন অব্যাহত রেখেছেন। এতে এই আদালতে প্রায় দুই হাজার মামলার জট লেগেছে।
এদিকে বিচারকের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সদস্য নাজমুল ইসলামকে সমিতি থেকে সাময়িকভাবে বহিষ্কার ও কারণ দর্শানো হয়েছে।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর জেলা আইনজীবী সমিতির ভবনে আইনজীবীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী রাব্বিউল হাসান মোনেম। ওই সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মজিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। ওই অভিযোগে সভায় আইনজীবীদের সর্বসম্মতিক্রমে তাঁর আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে কোনো আইনজীবী মামলা পরিচালনা করছেন না। এতে ওই আদালতের বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন।
গতকাল বৃহস্পতিবার ওই আদালতে বিচারাধীন মামলার এক আসামি সদর উপজেলার শ্যামপুর গ্রামের এনামুল হক বলেন, তিনি বেসরকারি চাকরি করেন। গতকাল তাঁর মামলার ধার্য তারিখ ছিল। তিনি হাজিরা দিতে এসে জানতে পারেন ওই আদালতে কোনো আইনজীবী মামলা পরিচালনা করছেন না। তিনি মুহুরির মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন, কিন্তু কোনো শুনানি হয়নি।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী রাব্বিউল হাসান মোনেম ও সমিতির সাধারণ সম্পাদক আবু নাছিম শামীমুল ইমাম বলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মজিদকে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁর আদালত বর্জন অব্যাহত থাকবে।
সাময়িক বহিষ্কৃত আইনজীবী নাজমুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তিনি আদৌ জড়িত নন। তবে আইনজীবী সমিতি তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে নোটিশ দেওয়ায় তিনি এর জবাবও দিয়েছেন।