সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারি কাজে বাধা ও ত্রাস সৃষ্টির অভিযোগে ১৭ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার ওই অভিযোগপত্র জমা দেওয়ার পর ট্রাইব্যুনালের বিচারক মো. ফকরুদ্দিনের অপসারণের দাবিতে বুধবার থেকে অনশন শুরু করেন আইনজীবীরা।
একই দাবিতে আইনজীবীরা ১৮ নভেম্বর থেকে কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আইনজীবীদের অনশনস্থল শহীদ মিনারে যান। এ সময় তিনি আইনজীবীদের আশ্বাস দেন, ওই বিচারককে সাতক্ষীরা থেকে প্রত্যাহার করা নিয়ে তিনি আইন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি নিরসন করবেন।
বিচারপ্রার্থী নারীদের হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপন, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিময়, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ১৮ নভেম্বর বিচারক ফকরুদ্দিনের অপসারণের দাবিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত বর্জন করে আইনজীবীরা সমাবেশ করেন। ওই দিন বেলা ১১টার দিকে ফকরুদ্দিন পুলিশের পাহারায় এজলাসে বসেন। এ সময় ক্ষুব্ধ আইনজীবীরা আদালতে ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তিতে আদালত কক্ষের একটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ ১৭ জনের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন ফকরুদ্দিন।