বিচারকের অভাবে গোপালগঞ্জের তিন আদালতে মামলাজট
বিচারক না থাকায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলা সহকারী জজ আদালত তিনটিতে প্রায় দুই হাজার মামলা জমে রয়েছে। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই পর্যন্ত গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা-সংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলাসহ জমে থাকা মামলার সংখ্যা এক হাজার ৮৬টি। কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলা সহকারী জজ আদালতে জমে থাকা মামলার সংখ্যা প্রায় ৮০০। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী মিতা হত্যা মামলাটি বিচারাধীন। এই মামলার কার্যক্রম একই কারণে ঝুলে আছে। মামলার বাদী ও নিহত মিতার বাবা লিয়াকত আলী বলেন, ‘বিচারক না থাকায় সাক্ষ্য গ্রহণ হচ্ছে না। শুধু মামলার তারিখ পরিবর্তন হচ্ছে। তারিখে তারিখে এসে আদালতে বসে থাকি। আইনজীবীদের টাকা দিই। আর বিকেলে বাড়ি ফিরি। এদিকে আসামি ও তাদের আত্মীয়স্বজনেরা নানাভাবে হয়রানি করছে, মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে।’ আইনজীবী দেলোয়ার হোসেন সরদার বলেন, দীর্ঘদিন বিচারক না থাকায় মামলার জট যেমন বাড়ছে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আসামিরা আদালতে না এলেও বিচারক না থাকার সুযোগে তাদের-কাগজে কলমে হাজির দেখানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিচার বিলম্বিত হওয়ায় আসামিরা অধিকাংশ ক্ষেত্রেই বাদীকে হুমকি দিচ্ছে। এভাবে চলতে থাকলে একটি মামলা থেকে একাধিক মামলার জন্ম হবে।সরকারি কৌঁসুলি আবদুল হালিম জানান, এই আদালতের বিচারক গোলাম মুরশেদ ২০১১ সালের ২০ সেপ্টেম্বর বদলি হয়ে চলে যান। এরপর এখানে অদ্যাবধি কোনো বিচারককে নিয়োগ দেওয়া হয়নি। ফলে প্রতিদিন মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মামলাগুলোর বিচার কার্যাক্রম শুধু তারিখ পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অনেক জেলায় অতিরিক্ত বিচারক রয়েছেন। এর মধ্যে ফরিদপুর ও খুলনা থেকে অন্তত একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছি। কিন্তু ১০ মাসেও এই সমস্যার সমাধান হয়নি।