বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগ এনে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের একজন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির ভবনে গতকাল বুধবার সকাল ১০টার দিকে জরুরি সাধারণ সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মফচ্ছির মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জ্যেষ্ঠ সহকারী জজ (সদর ও ছাতক) উবায়দা খানম তাঁর আদালত পরিচালনাকালে বিভিন্ন সময় আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এই প্রেক্ষাপটে সমিতির পক্ষ থেকে জরুরি সাধারণ সভা হয়। ১৪৪ জন আইনজীবীর উপস্থিতিতে সভায় এই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত¦নেওয়া হয়। সেই সঙ্গে বিষয়টি জেলা ও দায়রা জজকে অবহিত করে এই বিচারককে তাঁর বিচারিক কার্যক্রম থেকে প্রত্যাহারের জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেলিফোনে যোগাযোগ করা হলে জ্যেষ্ঠ সহকারী জজ উবায়দা খানম এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।