বিচারকের ওপর হামলাকারী আইনজীবীরা ক্ষমা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকের সঙ্গে অশালীন আচরণ করার জন্য ক্ষমাপ্রার্থনা ও দুঃখ প্রকাশ করায় সেই তিন আইনজীবীকে সতর্ক করে তাঁদের ক্ষমা করেছেন সিরাজগঞ্জের জেলা জজ বিপ্লব গোস্বামী। ওই তিন আইনজীবী হলেন হুমায়ুন কবীর কর্নেল, লোকমান হাকিম ও মাসুদ। গত বুধবার দুপুরে সিরাজগঞ্জের বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক প্রদীপ কুমার রায়ের আদালত অস্ত্র মামলার আসামি বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলামের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই তিন আইনজীবী বিচারককে লক্ষ্য করে স্কেল, ফাইল, ডায়েরি ছোড়েন এবং আদালতের কাগজপত্র তছনছ করেন। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির নেতারা ওই তিন আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ব্যাপারে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী বলেন, ‘জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ওই তিন আইনজীবী আমার কাছে এসেছিলেন। তাঁরা দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা ও দুঃখ প্রকাশ করায় প্রথমবারের মতো তাঁদের ক্ষমা করা হয়েছে।’