বিচারকের খাসকামরা থেকে পালিয়েছে চুরি মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি থানার একটি চুরি মামলার আসামি শফিকুল ইসলাম বিচারকের খাসকামরা থেকে পালিয়ে গেছে। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটেছে। খোদ হাকিমের খাসকামরা থেকে আসামি পালিয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন আইনজীবীরা।আদালত সূত্র জানায়, আসামি শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে স্বীকার করার পর মহানগর হাকিম আবদুর রহিমের খাসকামরায় তাকে নেওয়া হয়। হাকিম পুলিশের কাছ থেকে আসামি বুঝে নেওয়ার পর তদন্ত কর্মকর্তাকে বের করে দেন। আসামি শফিকুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে কি না তা বোঝার জন্য সময় দেন। এরপর মহানগর হাকিম প্রতিদিনের মতো আদালতের মামলা পরিচালনা করার জন্য এজলাসে ওঠেন। হাকিম আবদুর রহিম এজলাস থেকে নেমে তাঁর খাসকামরায় এসে দেখেন আসামি শফিকুল ইসলাম নেই। খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি যখন এজলাসে ছিলেন, তখন আসামি শফিকুল পালিয়ে গেছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। আদালতের পিয়ন আতিক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, হাকিম আবদুর রহিম আসামি জবানবন্দি দেবে কি না তা বোঝার জন্য সময় দিয়ে এজলাসে ওঠেন। এই ফাঁকে আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। এ সময় উপস্থিত পুলিশ ও আদালতের কর্মচারীরা তাকে ধরার চেষ্টা করেন। কিন্তু আসামি শফিকুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে পুলিশের কোনো অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।