বিচারকের গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার ৩
চট্টগ্রাম থেকে একজন বিচারকের ব্যক্তিগত গাড়ি চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. রাশেদ (২২), আজিজুর রহমান (৩৩) ও ওমর ফারুক (২৮)। গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরের হালিশহরের নয়াবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে গাড়িটি চুরি হয়।সূত্র জানায়, নরসিংদী আদালতের বিচারক মনিরুল মান্নান গত ২৫ জুলাই হালিশহর থানায় গাড়ি চুরির ঘটনায় লিখিত অভিযোগ করেন। তাঁর বাবা নগরের হালিশহর এলাকায় বসবাস করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ জুলাই দুপুরে বিচারক মনিরুল মান্নান ও তাঁর বাবা নিজেদের ব্যক্তিগত গাড়িতে চড়ে নয়াবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। গাড়িটি তাঁদের নিয়মিত চালক জসিম উদ্দিনের পরিবর্তে রাশেদ নামে এক বদলি চালক চালাচ্ছিলেন। বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে তাঁরা দেখেন গাড়ি ও চালক রাশেদ নেই। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আজিজ আহম্মদ বলেন, গাড়িটি চুরি করে রাশেদ চাঁদপুরে নিয়ে যায়। আজিজুর ও ফারুকের পরিকল্পনা অনুযায়ী গাড়িটি চুরি করা হয়। এ জন্য রাশেদকে ১০ হাজার টাকা দেওয়া হয়। পরে গাড়িটি আজিজুর ও ওমর ফারুক নিজেদের হেফাজতে নিয়ে নেন।সূত্র জানায়, পুলিশ প্রথমে আজিজুরকে চট্টগ্রাম থেকে ও পরে রাজবাড়ি থেকে রাশেদকে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ওমর ফারুককে চোরাই গাড়িসহ গ্রেপ্তার করা হয়।