বিচারকের গাড়ির চালক, দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া বিচারক মোতাহার হোসেনের গাড়িচালক ও দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ করে ‘উল্লেখযোগ্য তথ্য’ পেয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিচারক মোতাহার হোসেনের গাড়িচালক সোহরাব হোসেন ও দেহরক্ষী বাদল দেওয়ানকে সাক্ষী হিসেবে গতকাল সোমবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ। দুদকের সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ওই দুজনের কাছ থেকে এই বিচারকের সঙ্গে ঘনিষ্ঠদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাঁর সম্পদ সম্পর্কেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (আইন) পবিত্র সরকারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
কাল বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর পেশকার আবুল কালাম আজাদ ও বিশেষ জজ আদালত-৩-এর পেশকার আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে হাজির হতে বলেছে দুদক।
দুদক সূত্র জানায়, মোতাহার হোসেন বিশেষ জজ আদালত-৩ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ বিচারক হিসেবে বেশির ভাগ সময় কাজ করেছেন। গত বছরের ডিসেম্বরে তিনি অবসরে যান। ২০ জানুয়ারি তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের কাছে থাকা তথ্যমতে, মোতাহার হোসেন বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।