বিচারকের টাকা লুটে দুই ছিনতাইকারী শ্রীঘরে
চট্টগ্রামে গত শুক্রবার দুপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন মৌলভীবাজারের এক বিচারক। তাঁকে বাকলিয়ার একটি ঘরে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ টাকা ও চেক লুটে নেওয়া হয়। ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে শুক্রবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে টাকা ও চেক উদ্ধার করে। ছিনতাইয়ের শিকার হওয়া বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাইদ মৌলভীবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ। তিনি চট্টগ্রামে আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলেন বলে পুলিশ জানায়। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, মেহেদীবাগ থেকে খুলশী যাওয়ার সময় সাইদ ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁকে ছিনতাইকারীরা বাকলিয়ার একটি বাসায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ২৭ হাজার টাকা, দুই লাখ টাকার চেক এবং মুঠোফোন লুটে নেয়। এ সময় তাঁকে শারীরিকভাবেও নাজেহাল করা হয়। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ জিয়া ও ইসমাইল নামের দুই ছিনতাইকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ইসমাইল গত বছর জাল টাকার নোটসহ গ্রেপ্তার হয়েছিলেন।পুলিশ সূত্র জানায়, লুণ্ঠিত ১২ হাজার টাকা এবং দুই লাখ টাকার চেকটি উদ্ধার করা হয়েছে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার কামাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিচারক সাইদ একটি মামলা করেছেন। দুই ছিনতাইকারীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ আদালতে আবেদন করেছে। আজ রোববার রিমান্ডের শুনানি হতে পারে।