বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মামলায় উচ্চ আদালতের আদেশ অনুসরণ না করায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। গতকাল রোববার বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালত বলেছেন, বিচারপ্রার্থীদের কোনোভাবে হয়রানি করা যাবে না। উচ্চ আদালতের আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

আইনজীবী সূত্র জানায়, শিক্ষানবিশ আইনজীবী তানজিমা তাসকিন আদুরীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঢাকার সাবেক সিনিয়র সহকারী বিচারক এ এফ এম মারুফ চৌধুরী মামলা করেন। এ মামলায় তানজিমা তাসকিনের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি ও মামলার কার্যক্রম স্থগিত করেন।

ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, এ আদেশের পরও বিচারক ইমরুল কায়েস মামলার সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখেন। বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আবেদনকারীর আইনজীবী। এরপর গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট ব্যাখ্যা জানাতে ওই বিচারককে তলব করেন। আদালতে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাঁকে সতর্ক করে ক্ষমা করে দেন। একই সঙ্গে হাইকোর্টের স্থগিতাদেশ বাস্তবায়নের নির্দেশ দেন।

আবেদনকারীর আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করায় ওই বিচারক নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত তাঁকে সতর্ক করে অব্যাহতি দেন।