পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারকের পদ এক মাস ধরে শূন্য রয়েছে। এতে মামলাজট বাড়ছে। একই সঙ্গে নালিশি দরখাস্ত ও জামিনের আবেদন নিয়ে বিচারপ্রার্থীরা জেলা জজ আদালতে যেতে বাধ্য হচ্ছেন।
মঠবাড়িয়া আদালতের আইনজীবী আবদুস সালাম বলেন, মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে প্রায় চার হাজার মামলা বিচারাধীন। সপ্তাহে দুই দিন কাজ চলে। এতে বিচারাধীন মামলার সাক্ষ্য গ্রহণ বিলম্বিত হচ্ছে। এভাবে বাড়ছে মামলাজট।
আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, মঠবাড়িয়া আদালতে দীর্ঘদিন ধরে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নেই। এতেও বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ ফেব্রুয়ারি মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন বদলি হয়ে বরগুনায় যান। এরপর থেকে পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু বকর সিদ্দিক মঠবাড়িয়া আদালতের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার পিরোজপুর আদালতে মঠবাড়িয়া উপজেলার মামলার জামিনের আবেদন ও নালিশি দরখাস্তের শুনানি করেন।
আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে প্রতিদিন ১০ থেকে ১৫টি মামলা ও নালিশি দরখাস্ত আসে। এ ছাড়া ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি বিভিন্ন মামলায় হাজিরা ও সাক্ষ্য দেওয়ার জন্য আসেন। বিচারক না থাকায় এক মাসে দুই শতাধিক মামলার সাক্ষ্য, অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম পিছিয়ে গেছে। জামিনের আবেদন ও নালিশি দরখাস্ত নিয়ে বিচারপ্রার্থীদের ৪১ কিলোমিটার দূরে পিরোজপুর আদালতে যেতে হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে মঠবাড়িয়া আদালতপাড়ায় গিয়ে কয়েকজন বিচারপ্রার্থীর সঙ্গে কথা হয়। সেখানে দাউদখালী গ্রামের খাদিজা আক্তার বলেন, ‘মঠবাড়িয়া আদালতে যৌতুকের মামলা করেছি। কাল (আজ বুধবার) মামলার শুনানির তারিখ। এ জন্য আমাকে পিরোজপুর যেতে হবে।’
নাম প্রকাশ না করার শর্তে অপর একজন নারী বলেন, ‘স্বামী আমাকে ভরণপোষণ দেন না। এ জন্য আদালতে মামলা করতে এসেছিলাম। বিচারক না থাকায় আদালত বসেনি। তাই মামলা করতে পারিনি। শুনেছি, মামলা করতে পিরোজপুর যেতে হবে।’