বিচারকের পদ শূন্য ৩৬ দিন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারকের পদ ৩৬ দিন ধরে শূন্য রয়েছে। এতে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তি পোহাচ্ছেন।
আদালত সূত্রে জানা গেছে, আদালতের বিচারক মুহাম্মদ জাকারীয়্যা ৮ নভেম্বর বদলি হয়ে মাদারীপুরে যোগ দেন। ওই দিনই তিনি পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবিবকে দায়িত্ব বুঝিয়ে দেন। মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে প্রতিদিন গড়ে ২০-২৫টি মামলা ও নালিশি দরখাস্ত আসে।
এ ছাড়া ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি বিভিন্ন মামলায় হাজিরা ও সাক্ষ্য দেওয়ার জন্য এখানে আসেন। বিচারক না থাকায় গত সোমবার পর্যন্ত ৮৪টি মামলার সাক্ষ্য ও অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
একই কারণে জামিনের আবেদন ও নালিশি দরখাস্ত নিয়ে বিচারপ্রার্থীদের ৪১ কিলোমিটার দূরে পিরোজপুরে যেতে হচ্ছে।
উপজেলার বড় মাছুয়া গ্রামের সালমা বেগম গতকাল সোমবার বলেন, ‘স্বামীর বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা করতে এসেছিলাম। বিচারক না থাকায় মামলা করতে পারিনি। শুনেছি মামলা করতে পিরোজপুরে যেতে হবে।’
আদালতের উপপরিদর্শক (সিএসআই) রথীন্দ্রনাথ সরকার জানান, বিচারক না থাকায় বিচারপ্রার্থী, আসামি ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তি পোহাচ্ছেন।
মঠবাড়িয়া আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মুজিবুর রহমান জানান, পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবিব অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পর সপ্তাহে দুই দিন মঠবাড়িয়ায় এসে বিচারকাজ পরিচালনার কথা দিয়েছিলেন। কিন্তু তিনি না আসায় জামিনের আবেদনের শুনানির জন্য এবং নালিশি দরখাস্ত নিয়ে বিচারপ্রার্থীদের পিরোজপুরে তাঁর আদালতে যেতে হচ্ছে।
এতে আইনজীবীদের ভোগান্তি বেড়েছে। এ কারণে অন্যান্য মামলার সাক্ষ্য গ্রহণও বিলম্বিত হচ্ছে। এভাবে বিচারকের পদ শূন্য থাকলে মামলাজট বাড়বে।