বিচারকের পরিপূর্ণ স্বাধীনতা থাকা উচিত: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচারিক এবং দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন বিচারকের পরিপূর্ণ স্বাধীনতা থাকা উচিত। সাধারণভাবে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব ছাড়াই বিচারকদের স্বাধীনভাবে বিচারিক ক্ষমতা প্রয়োগকে বোঝায়। আমি নিশ্চিত, একটি দেশের মোট জনসংখ্যার অর্ধেক মানুষও জানে না বিচার বিভাগের পৃথক্করণ কী।’
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও বিচারিক হাকিমদের মধ্যে সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমনওয়েলথ ম্যাজিস্ট্রেটস অ্যান্ড জাজেস অ্যাসোসিয়েশন (সিএমজেএ) এবং সুপ্রিম কোর্টের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের চিফ ম্যাজিস্ট্রেট ওজারিয় রিনাউদো, সিএমজেএর পরিচালক (কর্মসূচি) ও ইংল্যান্ডের বার্মিংহামের বিচারক শামীম কুরেশি, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের লিগ্যাল অ্যাডভাইজার মার্ক গাথরি প্রমুখ।
প্রধান বিচারপতি বলেন, ‘যখন রাষ্ট্রের প্রধান দুটি অঙ্গ তার কর্তব্য পালনে ব্যর্থ হয়, তখন তো বিচার বিভাগ চুপচাপ দর্শক থাকতে পারে না। আইনের মধ্যে থেকে সুপ্রিম কোর্ট সব সময় সংবিধানের একজন অভিভাবকের কর্তব্য পালন করেছে।’
কমনওয়েলথ দেশগুলোকে একটি বিচারিক গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, সন্ত্রাসবাদ এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ ধরনের গবেষণা প্রতিষ্ঠান প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে কমনওয়েলথ দেশগুলোর বিচার বিভাগকে ব্যাপক মামলাজটের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। এই মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি এবং ই-জুডিশিয়ারি খুবই প্রয়োজনীয়।