বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ গতকাল রোববার এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
আদালত সূত্র জানায়, গতকাল শুরুতে মামুনের পক্ষে আইনজীবী ফখরুল ইসলাম সময়ের আবেদন করেন। বিচারক মো. মোতাহার হোসেন তা নাকচ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবী একজন সাক্ষীকে রি-কলের আবেদন জানান। আদালত এই আবেদনও নাকচ করেন। পরে আইনজীবী আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন এবং উচ্চ আদালতে যাবেন—এই কারণ দেখিয়ে সময় চান। শুনানি শেষে আদালত ২২ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘এই আদালতে ন্যায়বিচার পাওয়া যাবে না। এ জন্য বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করা হয়েছে।’
অর্থ পাচারের অভিযোগে তারেক ও মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক।