চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারক এস এম মজিবুর রহমানের চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অবস্থিত সরকারি বাসার সামনে আজ মঙ্গলবার সকালে লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে টেপ প্যাঁচানো একটি ফাঁকা কাচের বোতল উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। ভয় দেখানোর জন্য দুর্বৃত্তরা এ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী উমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে জজ সাহেব তাঁর বাসার সামনে লাল টেপে মোড়ানো অবিস্ফোরিত একটি ককটেল বা বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাত্ক্ষণিকভাবে পুলিশকে জানান তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. রেজাউল মাসুদ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে যায়। ওই দলের সদস্য সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। তবে বোতলটি ফাঁকা। কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ভয় দেখানোর উদ্দেশে কেউ এ কাজ করতে পারে।
গতকাল সোমবার ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ৩০ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান। রায় ঘোষণার তারিখ ধার্যের পর সংশ্লিষ্ট বিচারক ও আদালতের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়।
মামলার অন্যতম আসামি বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে খালাসকালে বিপুল সমরাস্ত্রের চালান আটক করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা (অস্ত্র ও চোরাচালান) হয় কর্ণফুলী থানায়। এর দুই মাস পর মামলা দুটির অভিযোগপত্র দেয় সিআইডি। দুই মামলায়ই স্থানীয় চোরাচালানি হাফিজুর রহমানকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অন্যদের প্রায় সবাই স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। ২০১১ সালের ২৬ জুন সিআইডি উভয় মামলার সম্পূরক অভিযোগপত্র দেয়। তাতে নতুন ১১ জনকে আসামি করা হয়। তাঁরা হলেন বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল আমিন ও উলফার পরেশ বড়ুয়া। শেষ দুজন পলাতক, বাকিরা কারাগারে আছেন। এ ছাড়া হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ কারাগারে আছেন। অন্যরা জামিনে রয়েছেন।