বিচারকের বাসার সামনে লাল টেপ মোড়ানো বস্তু
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারক এস এম মজিবুর রহমানের নগরের পাঁচলাইশ এলাকার বাসায় গত মঙ্গলবার দুপুরে লাল টেপ মোড়ানো একটি বোতল উদ্ধার করেছে পুলিশ। আতঙ্ক ছড়াতে কেউ এ কাজ করেছে বলে পুলিশের ধারণা। গত বছরের ১০ নভেম্বর ওই বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রসংগত, ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন বিচারক এস এম মজিবুর রহমান। এক দিন পরেই তাঁর বাসার সামনে এ ঘটনা ঘটে। অস্ত্র মামলায় আসামি রয়েছেন জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ‘বাসার সামনে লাল টেপ মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখলে নিরাপত্তাকর্মীরা বিচারককে জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপ মোড়ানো বস্তুটি উদ্ধার করে।’
বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা বলেন, ‘একটি ফেনসিডিলের বোতলে লাল টেপ মোড়ানো ছিল। ভয় দেখানোর জন্য কেউ এ কাজ করতে পারে। বোতলে একটি কাগজে লেখা ছিল, ‘শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় নাস্তিক। তারা বাংলাদেশকে হিন্দুস্তান বানাতে চায়।’
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানান, ১০ ট্রাক অস্ত্র মামলার রায়কে কেন্দ্র করে দুর্বৃত্তরা ভয় দেখানোর জন্য এ কাজ করতে পারে। ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।