শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়ার বিদায় সংবর্ধনাকে কেন্দ্র করে আইনজীবীরা গতকাল রোববার সকালে আদালত প্রাঙ্গণে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ ঘটনায় বিদায় সংবর্ধনা স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।
এ ঘটনায় গত শনিবার রাতে কামরুল হাসান নামে এক আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করেছে। কামরুলের মুক্তির দাবিতে গতকাল আইনজীবীদের একাংশ জেলা জজ আদালতসহ সব আদালতের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে। জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সমিতি শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়ার বিদায় সংবর্ধনা আয়োজন করে। গতকাল সকাল সাড়ে নয়টায় এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
জানা যায়, আইনজীবীদের একাংশ কয়েক দিন ধরে ওই বিচারকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আইন পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে তাঁর বিদায় সংবর্ধনা বাতিলের দাবি জানিয়ে আসছিল। কিন্তু জেলা আইনজীবী সমিতি ওই বিচারকের বিদায় সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। এ অবস্থায় গত শনিবার রাতে আদালত প্রাঙ্গণ ও আইনজীবী সমিতির কার্যালয়ে মো. কামরুল হাসান নামে এক আইনজীবী মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়ার বিরুদ্ধে পোস্টার সাঁটান। বিচারক মো. সেলিম মিয়ার নির্দেশে শেরপুর সদর থানা পুলিশ রাত সাড়ে ১১টায় ওই আইনজীবীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় জেলা জজ আদালতের নৈশপ্রহরী মো. হেলাল উদ্দিন বাদী হয়ে আইনজীবী কামরুল হাসানের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা করেন। আইনজীবী কামরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে আইনজীবীদের একাংশ ওই বিচারকের বিদায় সংবর্ধনা বাতিল এবং গ্রেপ্তার আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করে। উদ্ভূত পরিস্থিতিতে জেলা আইনজীবী সমিতির সামনে পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে জেলা আইনজীবী সমিতির নেতারা মুখ্য বিচারিক হাকিমের বিদায় সংবর্ধনা স্থগিত রাখেন এবং আইনজীবী কামরুল হাসানের মুক্তির দাবিতে সমিতির কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন।
বৈঠক শেষে সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কামরুল হাসানের মুক্তির ব্যাপারে তাঁরা (সমিতির নেতারা) জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে দেখা করে কথা বলেছেন। কিন্তু বিচারকদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই কামরুলের মুক্তি না হওয়া পর্যন্ত তাঁরা আদালতের সব কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, আইনজীবী কামরুল হাসানকে আজ (রোববার) বেলা তিনটায় শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনজীবীদের একাংশের অভিযোগের ব্যাপারে বক্তব্য জানার জন্য গতকাল বিকেলে মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়ার মুঠোফোনে ফোন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।