বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে কলেজছাত্রী পারভীন বেগম গণধর্ষণ ও হত্যা মামলার সাক্ষী লালমনিরহাটের তৎকালীন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান হায়দার গত ২৮ মে আদেশ জারি করেন।

সাইফুর রহমান বর্তমানে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। ফ্যাক্সের মাধ্যমে গতকাল রোববার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ এবং ঝিনাইদহের পুলিশ সুপারকে আদেশের কপি পাঠানো হয়েছে। আগামী বুধবার মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

লালমনিরহাটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সফুরা বেগম বলেন, সাইফুর রহমানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁকে গত ২৭ ফ্রেব্রুয়ারি, ২০ মার্চ, ৯ এপ্রিল, ৬ মে এবং ২৮ মে তারিখে সাক্ষ্য দিতে সমন পাঠানো হলেও তিনি আদালতে হাজির হননি। ২০০৮ সালের ১৩ জানুয়ারি ওই মামলার প্রধান আসামি হালিম বাদশা সাইফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জানা যায়, ২০০৮ সালে পারভীন বেগম গণধর্ষণ ও হত্যার শিকার হন। এ ঘটনায় তাঁর ভাই সফিকুল ইসলাম লালমনিরহাট সদর থানায় মামলা করেন। চারজন আসামি গ্রেপ্তার হয়েছেন। প্রধান আসামি হালিম বাদশা পরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার বাদী, সাধারণ সাক্ষীসহ সরকারি সাক্ষী হিসেবে চিকিৎসক, তদন্তকারী দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্যও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু চূড়ান্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সাইফুর রহমান আদালতে হাজির না হওয়ায় তাঁর সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি।ু

২০০৮ সালে প্রথম আলোয় ‘বখাটের অত্যাচারে আরও একটি মেয়ের জীবন গেল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ২০০৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে।