দুই দিনে জাল টাকা উদ্ধারের সাত মামলায় জামিন দেওয়ার বিষয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক এস এম আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অবকাশকালীন ছুটি শেষে জেলা জজ ও মহানগর দায়রা জজ আদালত খোলে গত রোববার। ওই দিন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম তদন্ত শুরু করেন। মহানগর দায়রা জজ আদালতের নাজির ওবায়দুল করিম আকন্দ প্রথম আলোকে জানান, তদন্ত কমিটি অবকাশকালীন বিচারক যেসব মামলার শুনানি করেছেন সেসব মামলার সব তথ্য সংগ্রহ করেছেন। গত ২৮ ডিসেম্বর প্রথম আলোয় ‘দুই দিনে জাল টাকার সাত মামলায় জামিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই আইন মন্ত্রণালয় এ বিষয়ে তদন্তের উদ্যোগ নেয়। সূত্র জানায়, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম আমিনুল ইসলামকে ঢাকার জেলা ও দায়রা এবং মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি দুই দিনে জাল টাকা উদ্ধারের সাত মামলায় নয়জনকে জামিন দেন। এর মধ্যে একজন তিনটি মামলায় জামিন পান।