বিচারকের বিরুদ্ধে দুদকের এটা 'অশুভ উদ্যোগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতের বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত শুরু করার প্রক্রিয়া বিচার বিভাগের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ‘অশুভ উদ্যোগ’। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ মত জানিয়েছে।

বিচারক মোতাহার হোসেন বিদেশে অর্থ লেনদেনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেন। এরপর ওই বিচারকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে তদন্ত প্রক্রিয়া শুরু করে দুদক। দুদকের এমন উদ্যোগকে ‘হয়রানি’ উল্লেখ করে এর প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সমিতির পক্ষে সভাপতি এ জে মোহাম্মদ আলী বক্তব্য উপস্থাপন করেন।

সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘এই উদ্যোগ বিচারক ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও আতঙ্কের সৃষ্টি করবে বলে আমরা মনে করি। ওই মামলার বিচারক মোতাহার হোসেন অনেক চাঞ্চল্যকর মামলার রায় দিয়েছেন। সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ হত্যাকাণ্ড মামলা, গাজীপুরে আইনজীবী সমিতিতের হামলার ঘটনায় চার আইনজীবীসহ আটজন নিহত হওয়ার ঘটনায় মামলা, রমনা মসজিদের ইমাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলায় তিনি আসামিদের ফাঁসির আদেশ দিয়েছেন।’ কিন্তু তারেক রহমানের মামলায় ‘যৌক্তিক রায়’ প্রদান করায় ওই বিচারকের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি অভিযোগ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘বিচারক মোতাহার হোসেনের সম্পদের অনুসন্ধান প্রতিহিংসাপরায়ণ বলে আমরা মনে করছি। বিচারক যদি তারেক রহমানকে সাজা প্রদান করতেন, তখন হয়তো এই বিচারকের বিরুদ্ধে দুদক কোনো তদন্ত করত কি না, আমরা সন্দেহ প্রকাশ করছি। দুদকের পক্ষে রায় না হওয়ার কারণে হয়তো এই মামলার বিচারকের এ ভোগান্তি হচ্ছে।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘শুধু তারেক রহমানের মামলায় খালাস প্রদান করার কারণে দুদক ও সরকার কর্তৃক উদ্দেশ্যমূলকভাবে বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ দেশের সব বিচারক ও বিচারপতিদের মনে আতঙ্কের সৃষ্টি করতে পারে। দুদক ও সরকারের বিরুদ্ধে কোনো বিচারক আদালত বা উচ্চ আদালত রায় প্রদান করলেই অহেতুক হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থাকায় বিচারকেরা স্বাধীনভাবে ন্যায়বিচার প্রদানে অনেকে বাধাগ্রস্ত ও শঙ্কিত থাকবেন। তাই স্বাধীন বিচারব্যবস্থার স্বার্থে এমন হয়রানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। এতে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, সহ-সম্পাদক রফিকুল হক তালুকদার প্রমুখ।