বিচারকের ব্যাখ্যায় হাইকোর্টের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনির বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ ও পাচারসংক্রান্ত দুই মামলায় অভিযোগ গঠন বিষয়ে ২৪ আগস্ট আদেশ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নির্দেশনা পালন বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লাকে ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালত বদল চেয়ে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেছেন, বিলম্বের বিষয়ে বিচারক যে ব্যাখ্যা দিয়েছেন, তা সন্তোষজনক নয়। দুই বছর পেরিয়ে গেলেও শুনানি ও পুনঃশুনানির নামে এভাবে রেখে কালক্ষেপণ গ্রহণযোগ্য নয়। অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে বিচারিক আদালত ২৪ আগস্টের মধ্যে আদেশ দেবেন। যদি অভিযোগ গঠন হয়, তবে তিনি (ঢাকা মহানগর দায়রা জজ) নিজে শুনানি করতে পারেন। চাইলে অন্য আদালতে বদলি করতে পারেন। নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হলো। নির্দেশনা বাস্তবায়ন না হলে তা আদালত অবমাননার শামিল বলে গণ্য হবে।
গত ২ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে ওই মামলা এক মাসের মধ্যে অভিযোগ গঠন ও এক বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার পর্যবেক্ষণ দিয়েছিলেন। এরপরও অভিযোগ গঠন না হওয়ায় মামলা অন্য আদালতে বদলি চেয়ে দুদক হাইকোর্টে আবেদন করে। এর ওপর শুনানি নিয়ে ২৭ জুলাই হাইকোর্ট মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লাকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। ১১ আগস্ট বিচারক ব্যাখ্যা দাখিল করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি প্রথম আলোকে বলেন, ২০১৪ সালে অভিযোগ আমলে নেওয়া হয়। অভিযোগ গঠন বিষয়ে বেশ কয়েক দফা আদেশের জন্য রাখা হয়। তবে আদেশ না হওয়ায় দুটি মামলা অন্য আদালতে বদলির জন্য আবেদনটি করা হয়। এ পর্যায়ে হাইকোর্ট বিচারকের কাছে ব্যাখ্যা চান। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছেন।