বিচারকের ব্যাগ ছিনতাইয়ের দায়ে তিন যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে এক জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ভ্যানিটি ব্যাগসহ মুঠোফোন ছিনতাইয়ের দায়ে তিন যুবককে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ হারুন-অর-রশীদ গতকাল বুধবার বিকেলে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার বড়ইতার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো. মাসুদ (২৭) ও সজবরখিলা এলাকার শাহজাহান ভূঁইয়ার ছেলে শরীফ মো. ভূঁইয়া (২৪) এবং ঝিনাইগাতীর মোল্লাপাড়া গ্রামের মো. চাঁনের ছেলে ফয়সাল আহমেদ (২৩)। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. উল্লাস নামের এক যুবককে খালাস দিয়েছেন আদালত। উল্লাস সদর উপজেলার সজবরখিলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৬ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে শেরপুরের তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুদীপ্তা সরকার (বর্তমানে শেরপুরের যুগ্ন জেলা ও দায়রা জজ) জেলা শহরের এক আত্মীয়ের বাসা থেকে রিকশায় চাপাতলী এলাকার সরকারি বাসভবনে যাচ্ছিলেন। পথে দণ্ডপ্রাপ্ত আসামিরা তাঁর (সুদীপ্তা) পথ রোধ করে ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেন। ওই ব্যাগে তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ কিছু টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

এ ঘটনায় মুখ্য বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী মো. রুকুনুজ্জামান বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছিনতাই করা মুঠোফোনসহ উল্লাস নামে এক যুবককে গ্রেপ্তার করে। পরে তাঁর (উল্লাস) দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত শেষে ২০১৩ সালে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা থেকে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত গতকাল বিকেলে উপরোক্ত রায় দেন।

সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অরুণ কুমার সিংহ রায় রাষ্ট্রপক্ষে এবং তারিকুল ইসলাম ভাসানী ও রফিকুল ইসলাম আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন।

এপিপি অরুণ কুমার সিংহ রায় মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম ভাসানী অসন্তোষ প্রকাশ করে বলেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।